ঈদের আগেই বিমানবন্দরসহ ৫ রেল স্টেশনে বিনামূল্যে পাবলিক ইন্টারনেট সেবা চালু
দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিনামূল্যে পাবলিক ইন্টারনেট সেবা চালু করেছে সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফটোকার্ড শেয়ার করে সেই তথ্য জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফকির মাহবুব আনাম। পোস্টটি ইতিমধ্যেই ব্যাপক শেয়ার হয়েছে।
ফটোকার্ড থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবে বাস্তবায়নাধীন এই উদ্যোগে ইতোমধ্যে ৫টি রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু হয়েছে বলে জানানো হয়। এছাড়াও ৪ বিভাগের চলন্ত ট্রেনে মিলছে এই সেবা।
শেয়ার করা ফটোকার্ডে উল্লেখ করা হয়, দেশের জনগণের জন্য সহজলভ্য ও বিনামূল্যের ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সেবা সম্প্রসারণ করছে। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দর এবং অন্যান্য জনবহুল এলাকায় মানুষ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
প্রযুক্তিগত অগ্রগতির অংশ হিসেবে ফটোকার্ডে আরও জানানো হয়, দেশের বিভিন্ন বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে সংযোগ স্থাপনের পাশাপাশি প্রথমবারের মতো চলন্ত ট্রেনে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এই উদ্যোগকে দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে কক্সবাজার, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে ইন্টারনেট সংযোগ চালু রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া চলন্ত ট্রেনেও স্যাটেলাইটভিত্তিক সংযোগের মাধ্যমে যাত্রীরা ইন্টারনেট সুবিধা পাচ্ছেন।
ফটোকার্ডে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও ঢাকা-খুলনা রুটে চলাচলকারী ট্রেনগুলোতে এই স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর তথ্য তুলে ধরা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে এবং নাগরিকদের জন্য প্রযুক্তি সেবা সহজলভ্য করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
ডিবিটেক/এফবিও/ইকে



