স্থানীয় পেমেন্ট, এআই ল্যাব, প্রকৌশলী প্রশিক্ষণ ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে সহযোগিতা চায় বিটিআরসি

গুগলের সঙ্গে এআই ও ডিজিটাল সেবা নিয়ে বিটিআরসির আলোচনা

  • বাংলাদেশে গুগলের সেবা, পেমেন্ট ও অবকাঠামো সম্প্রসারণ নিয়ে আলোচনা
  • এআই ল্যাব, প্রকৌশলী প্রশিক্ষণ ও স্টার্টআপ উন্নয়নে সহযোগিতা চেয়েছে বিটিআরসি 
  • এআই দিয়ে ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণে প্রযুক্তিগত ব্যবস্থা চায় কমিশন

গুগলের সঙ্গে এআই ও ডিজিটাল সেবা নিয়ে বিটিআরসির আলোচনা
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৪  

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্থানীয় পেমেন্ট ব্যবস্থা, ডিজিটাল অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে গুগলের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে ক্ষতিকর কনটেন্ট ও অবৈধ আর্থিক কার্যক্রমের প্রচারণা দ্রুত শনাক্ত ও অপসারণে এআইভিত্তিক কার্যকর প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে চেয়ারম্যান মেজর জেনারেল মো: এমদাদ উল বারী (অব.)-এর সঙ্গে গুগলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পলিসি প্রধান কাইল গার্ডনারের (Kyle Gardner) সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে গুগলের বিভিন্ন সেবা কার্যক্রম সম্প্রসারণ, স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালু এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়ে আলোচনা করেন কাইল গার্ডনার। পাশাপাশি বিটিআরসির সঙ্গে গুগলের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশে বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী গুগলের বিভিন্ন সেবা ও প্ল্যাটফর্ম ব্যবহার করেন উল্লেখ করে দেশে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া এবং স্থানীয় অফিস স্থাপনের আহ্বান জানায় বিটিআরসি।

এ সময় বাংলাদেশে গুগলের এআই মডেলের ল্যাব স্থাপন, দেশীয় প্রকৌশলীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ এবং স্থানীয় স্টার্টআপ উদ্যোক্তাদের উন্নয়ন ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির বিষয়ে জানতে চাওয়া হয়। পাশাপাশি এআই খাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে গুগল আলাদা কোনো সেবা বা উদ্যোগ চালু করবে কি না, সে বিষয়েও আলোচনা হয়।

জবাবে গুগলের প্রতিনিধি এসব বিষয়ে তাঁদের আগ্রহ ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনার কথা জানান। বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপনে বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন তিনি।

সাক্ষাতে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে বিটিআরসি। একই সঙ্গে বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর বিষয়েও গুগল প্রতিনিধিকে অবহিত করা হয়।

গুগলের প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে অপরাধীরা বেটিং, জুয়া বা অবৈধ আর্থিক কার্যক্রমের প্রচারণা চালাতে না পারে, সে বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে এআইয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের জন্য কার্যকর কারিগরি ব্যবস্থা প্রবর্তনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় গুগলের সঙ্গে সরকারের বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়। বিটিআরসির পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গে গুগলের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও পরামর্শ দেওয়া হয়।

বিটিআরসি চেয়ারম্যানের এসব মতামতকে স্বাগত জানিয়ে গুগলের পাবলিক পলিসির প্রধান কাইল গার্ডনার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল মোঃ কামরুল হাসান মামুন এবং একই বিভাগের উপপরিচালক এস এম তাইফুর রহমান উপস্থিত ছিলেন। 
//ডিবিটেক/ এমএবিপি /এনএপি/এসএমই//