বিটিসিএল এমভিএনও স্থগিত

বিটিসিএল এমভিএনও স্থগিত
২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:১৪  

এমভিএনও সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম স্থগিত করেছে বিটিসিএল। ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা রওনক তাহমিনা বিষয়টি নিশ্চিত করেন। 

এ নিয়ে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএল-এর এমভিএনও (MVNO) সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। বিটিসিএল এমভিএনও সিম বাজারজাতকরণের বিষয়ে সম্মানিত গ্রাহকগণকে পরবর্তীতে অবহিত করা হবে।

নতুন এই প্রযুক্তি চালুতে নেতৃত্ব দেয়া এবং সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ফয়েজ আহমদ তৈয়্যব এ বিষয়ে জানিয়েছেন, এটি ছিলো  জিরো বাজেটের ইনহাউজ প্রকল্প ছিল। শুরুতে টেলিটক দিয়ে জিরো কস্ট পাইলট করে পরে বাংলালিংকে যাবার ইচ্ছা ছিল। রাজনৈতিক সরকার নিজেদের মত করে সিদ্ধান্ত নিবে, তাতে কিছু হতাশা তৈরি হবে। তবে টিমের একটা লার্নিং হয়েছে যে কীভাবে এধরনের নতুন প্রযুক্তির প্রভিশনিং করতে হয়। ইনশাআল্লাহ্‌ ভবিষ্যতে কাজ লাগবে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে বিটিসিএলের এমভিএনও সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজ প্রাথমিকভাবে রাজধানীর রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে এই সেবা পাওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৭ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করা হয়েছিলো। 

এরও আগে গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় বিটিসিএলের কার্যালয়ে প্রথমবারের মতো এমভিএনও মডেলে আনলিমিটেড কোয়াড-প্লে সেবার পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

সংশ্লিষ্টরা জানান, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই মোবাইল সেবা দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের সেবা দেওয়ার পরিকল্পনা করে।

প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর সরকার বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয়।

ডিবিটেক/এসএম/ইকে