লালমাটিয়ায় ডট ইন্টারনেটের কার্যালয়ে হামলা ও লুটপাট, আহত ২
রাজধানীর লালমাটিয়ায় ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে মুখোশধারীদের হামলা ও লুটপাট। দুই কর্মচারী আহত, মালামাল লুট ও মোহাম্মদপুর থানায় মামলা দায়ের।
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় 'ডট ইন্টারনেট' নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের করপোরেট কার্যালয়ে ভয়াবহ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডট ইন্টারনেটের করপোরেট কো-অর্ডিনেটর মো. ছগির হোসাইন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
৯ জুন, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে লালমাটিয়ার ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই ঘটনা ঘটে। হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা-কর্মচারী গুরুতর আহত হয়েছেন। রাতেই ওই হামলার সিসিটিভি ফুটেজ সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ পেয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রবেশ করে অজ্ঞাত পরিচয়ধারীরা কম্পিউটার, মনিটর বিচ্ছিন্ন করে তা বগলদাবা করছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী দল জোরপূর্বক ওই কার্যালয়ে প্রবেশ করে। তারা ভেতরে ঢুকেই ডট ইন্টারনেটের মালিক প্রদীপ ঢালী এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে। ওই সময় কার্যালয়ে উপস্থিত অ্যাকাউন্টস ম্যানেজার মো. ইব্রাহিম হাওলাদার ও ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের পরিচয় এবং আসার কারণ জানতে চাইলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা ইব্রাহিম ও জালালকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ডট ইন্টারনেট কার্যালয় থেকে একটি সিপিইউ, একটি ওয়াই-ফাই রাউটার এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। লুট হওয়া এসব সামগ্রীর আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার আগে তারা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখায়।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এই সময়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের উপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। এটি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দেশের প্রযুক্তি খাত ও সেবা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত।”
//ডিবিটেক/এসআই/এমইউএম//





