৭০০ ব্যান্ডে কিস্তিতে ১০ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ পাচ্ছে টেলিটক
একটি বেসরকারি মোবাইল অপারেটরের পর ৭০০ ব্যান্ডে ১০ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ পাচ্ছে রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক। সরকারের নির্বাহী আদেশে প্রতি মেগাহার্টজ ২৩৭ কোটি টাকা ভিত্তিমূল্যে কিস্তিতে এই ব্যান্ডউইথ পেতে যাচ্ছে অপারেটরটি। ফলে এখন ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে নিলামযোগ্য ২৫ মেগাহার্জের মধ্যে ৫ মেগাহার্জ অবশিষ্ট রইল। আর আইএসপি প্রতিষ্ঠান অলওয়েজ অন নেটওয়ার্ক এর সঙ্গে চলমান আইনি বিরোধের কারণে আটকে থাকলো বাকি ২০ মেগাহার্টজ তরঙ্গ।
৯ ফেব্রুয়ারি, সোমবার এই তথ্যটি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
দায়িত্বের প্রায় শেষ প্রান্তে এসে তিনি বলেছেন, আমার স্বল্প সময়ে টেলিটকের ফোরজি টাওয়ার ১১০০ বেড়েছে। আরও ১২০০ টাওয়ার বাড়ানোর কাজ চলছে। আগামী ছয় মাসের মধ্যে এটি শেষ হবে। এছাড়াও পুরোরো ১১০০ সাইটে ব্যাটারি ইন্সটল করা হয়েছে। যাতে বিদ্যুত চলে গেলে নেটওয়ার্ক চলে না যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো- টেলিটককে আমরা ৭০০ মেগাহার্জ ব্যান্ডে ১০ মেগাহার্জ তরঙ্গ দিচ্ছি। তবে এর ফি বাবদ কোম্পানিকে কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে।
সূত্রমতে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ৮ ফেব্রুয়ারি বিটিআরসিকে চিঠি দিয়ে টেলিটকের জন্য তরঙ্গ বরাদ্দ নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছে। বিষয়টি বাস্তবায়নে এরইমধ্যে বিটিআরসি তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।
এর আগে চলতি বছরর ২১ জানুয়ারি ৭০০ মেগাহার্জ ব্যান্ডের মোট ২৫ মেগাহার্টজ তরঙ্গ নিলাম করতে চেয়েছিল বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। কিন্তু নিলামে রবি, বাংলালিংক ও টেলিটক অংশগ্রহণ না করায় গ্রামীণফোনের আবেদনের পরিপ্রেক্ষিতে এককভাবে অপারটেরটিকে তরঙ্গ বরাদ্দের সিদ্ধান্ত নেয় বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট কমিটি। অপারেটরটিকে ১০ কিস্তিতে সর্বোচ্চ ১০ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ দেয়া হয়। এতে টেলিটক এর ইনডোর নেটওয়ার্ক কাভারেজ শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অপরদিকে পড়ে থাকা ব্যান্ডউইথ থেকে সাড়ে ৯ হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে যুক্ত হবে।
ডিবিটেক/আইএইচ/এএইচ



