ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। (ইসি)।
ইসির জ্যেষ্ঠ সহকারি সচিব মো. শহিদুল ইসলাম ৮ ফেব্রুয়ারি, রবিবার নিষেধাজ্ঞা বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তা নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন।
তবে নির্বাচনে দায়িত্বরত গণমাধ্যমকর্মী, পর্যবেক্ষক বা অন্যদের মোবাইল ফোন ব্যবহারে স্পষ্ট কোনো বার্তা এতে দেয়া হয়নি। ফলে যোগাযোগের পাশাপাশি ফটো ও রেকর্ডিং কাজে সাংবাদকর্মীরা যেহেতু বর্মতান সময়ে মোবাইলফোন ব্যবহার করেন সেক্ষেত্রে তাদের দায়িত্বপালন বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা রয়েছে।
এদিকে বিশৃঙ্খলা রোধে এবার যুক্ত হয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’। কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা বা গোলযোগ দেখা দিলে এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে বার্তা পাঠানো যাবে। এটি মূলত দ্রুত সাড়া দেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।
সেইসঙ্গে এবারের নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে।
ডিবিটেক/এসএইচ/ইকে



