ঈদে নির্বিঘ্ন সংযোগ দিতে দেশজুড়ে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে নেটওয়ার্ক সক্ষমতা আরও জোরদার করেছে দেশের অন্যতম ডিজিটাল অপারেটর বাংলালিংক। গ্রাহকদের নিরবচ্ছিন্ন ভয়েস ও ডেটা সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে ৭৫০টির বেশি নেটওয়ার্ক সাইট আধুনিকায়ন করেছে।
১৬ মার্চ, সোমবার, আপারেটরটির পক্ষ থেকে জানানো হয়, ঈদের সময় লাখো মানুষ শহর থেকে জেলা ও গ্রামে যাতায়াত করেন। এই বাড়তি চাপ সামাল দিতে আগেভাগেই নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাংলালিংক। এর ফলে নেটওয়ার্ক কভারেজ বিস্তৃত হয়েছে, সক্ষমতা বেড়েছে এবং সার্বিক নেটওয়ার্ক পারফরম্যান্স উন্নত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অপারেটরটির দাবি, নেটওয়ার্ক আধুনিকায়নের ফলে অনেক এলাকায় গ্রাহকেরা আগের তুলনায় সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে ব্রাউজিং, ভিডিও কল এবং ভিডিও স্ট্রিমিং হবে আরও মসৃণ। মহাসড়ক, বাস ও রেলস্টেশনসহ বিভিন্ন যাতায়াতপথেও উন্নত সংযোগ সুবিধা পাওয়া যাবে।
এদিকে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বাংলালিংক ওয়াই–ফাই কলিং (ভিওওয়াইফাই) সুবিধাও চালু করেছে। এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকেরা ওয়াই–ফাই ব্যবহার করে কল করা ও গ্রহণ করতে পারবেন। বিশেষ করে ভবনের ভেতর বা উঁচু ভবনে যেখানে মোবাইল সিগন্যাল তুলনামূলক দুর্বল থাকে, সেখানে এই সুবিধা কার্যকর হবে।
এ বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কার বলেন, ঈদের সময় লাখো মানুষ প্রিয়জনদের কাছে ফিরে যান। তাই এই সময়ে যোগাযোগ নির্বিঘ্ন রাখা তাদের প্রধান লক্ষ্য। নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও নতুন প্রযুক্তি চালুর মাধ্যমে গ্রাহকেরা যেন নিশ্চিন্তে পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছে বাংলালিংক।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম



