ক্যাশলেস সেবা নিশ্চিতে গাজীপুর সিটি কর্পোরেশন ও এটুআই-এর সমঝোতা স্মারক স্বাক্ষর
নাগরিকদের দোরগোড়ায় আধুনিক ও ক্যাশলেস সেবা পৌঁছে দিতে গাজীপুর সিটি কর্পোরেশন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি, রবিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়।
এর ফলে গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকরা এখন থেকে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সেবার ফি এটুআই-এর সমন্বিত পেমেন্ট গেটওয়ে ‘একপে’র মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, উপায়, রকেট, ট্যাপ, টেলিক্যাশসহ), কার্ড ব্যাংকিং (ভিসা, মাস্টারকার্ড, অ্যামেরিকান এক্সপ্রেস, টাকা-পে), ইন্টারনেট ব্যাংকিং এবং ই-ওয়ালেটসহ বিভিন্ন পেমেন্ট চ্যানেল ব্যবহারের সুযোগ থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ আব্দুর রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীর। স্বাগত বক্তব্য রাখেন এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটুআই-এর চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, একপে’র কনসালটেন্ট মুহাম্মদ শাহাদাত হোসেনসহ এটুআই এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নাগরিক সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে এটুআই সর্বদা প্রস্তুত ও আগ্রহী উল্লেখ করে প্রকল্প পরিচালক মোহাঃ আব্দুর রফিক বলেন, “সরকারি সেবা ডিজিটাইজেশনের মাধ্যমে সেবা আরও স্বচ্ছ ও সহজ হয়। একজন সেবাগ্রহীতা হিসেবে আমি চাই সেবাটি ভার্চুয়ালি সহজে এবং দ্রুত সময়ে পেতে। গাজীপুর সিটি কর্পোরেশনের সেবাগুলোর পেমেন্ট একপে’র মাধ্যমে ডিজিটাল হওয়ায় গাজীপুরের মানুষ উপকৃত হবেন। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে আমরাও নিজেদের ভাগ্যবান মনে করি।”
মুহাম্মদ সোহেল হাসান বলেন, নাগরিক ভোগান্তি কমাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিকল্প নেই এবং এই উদ্যোগ নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একপে’র সেবা চালুর আগে বিভিন্ন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ চুক্তির ফলে গাজীপুরবাসী দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই অনলাইনে যেকোনো সময় তাদের প্রয়োজনীয় নাগরিক সুবিধার ফি পরিশোধ করতে পারবেন যা সিটি কর্পোরেশনের রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনবে।”
মো. রশিদুল মান্নাফ কবীর বলেন, “পঞ্চম সিটি কর্পোরেশন হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের যাত্রা শুরু হলো। আমরা আশাবাদী এ সেবার ফলে জনগণ বহুল উপকৃত হবেন।”
সমঝোতা স্মারকের উদ্দেশ্য ও সারসংক্ষেপ তুলে ধরে আব্দুল্লাহ আল ফাহিম বলেন, “ক্যাশলেস, আধুনিক ও জনবান্ধব বাংলাদেশ বিনির্মাণে একপে’র মাধ্যমে যে সেবা জনগণের জন্য উন্মুক্ত করা হলো, তা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে আমাদের আরও এগিয়ে নিল। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
ডিবিটেক/এমআরআই/ইকে



