জুয়ার বিজ্ঞাপন: প্রচার করলেই ১৯ অক্টোবর থেকে সাইট ব্লক
দেশের সাইবার আকাশে জুয়ার বিজ্ঞাপন প্রকাশ নিয়ে রেডঅ্যালার্ট জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের। সতর্ক করার দুই দিন বাদেই সরকারের টেলিকম ও আইসিটি মন্ত্রণালয় থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ১৯ অক্টোবর, রবিবার থেকে ব্লক করে দেওয়া হবে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ক্ষমতাবলে ১৭ অক্টোবর, শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে। এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সরকার একাধিক প্রজ্ঞাপন ও প্রেস রিলিজ প্রকাশ করেছে।
এর আগে সরকারের সতর্কতার পর ক্রিকইনফো, জনকণ্ঠ, ঢাকা পোস্টসহ আরো বেশ কয়েকটি পোর্টাল জুয়ার বিজ্ঞাপন বন্ধে নিজেদের এডসেন্স পরিবর্তন করায় তাদের ধন্যবাদও জানানো হয় এই সংবাদ বিজ্ঞপ্তিতে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্ম বান্ধব রাখতে সর্বোচ্চ সতর্কতা এবং কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে এবিষয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পযবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে।







