নির্বাচনে ছুটি নেই মেট্রোরেলে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এ বিধিনিষেধের মধ্যে ছুটিতেযাচ্ছে ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। এই সময়ে স্বাভাবিক দিনের মতোই যাত্রী পরিবহন করবে মেট্রোরেল।
নির্বাচনকালীন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক একেএম খায়রুল আলম।
তিনি জানান, নির্বাচনকে ঘিরে সাধারণ ছুটির দিনগুলোয় ঢাকার যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং ভোট দেয়া সহজ করতে স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রোরেল চলাচল করবে। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না।
তবে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া বাকি সব গেট খোলা থাকবে।
প্রসঙ্গত, সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছিলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে বলা হয়েছিল, ১১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধ শিথিল করা হবে।
ডিবিটেক/এমএম/ইএনটি



