কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে অক্টোবরে
কক্সবাজার বিমানবন্দরে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিকী।
কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ১ৈ৭ অক্টোবর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিকী বলেন, ‘আমরা আজকে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের বুকে নির্মাণাধীন রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কত শতাংশ কাজ শেষ তা বলা না গেলেও তবে অক্টোবরের মাঝামাঝি সময়ে শুরু করা সম্ভব। যার জন্য আমাদের প্রস্তুতি শেষের পথে।’
পরিদর্শনকালে কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউনূছ ভুঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেবিচক সূত্রে জানা গেছে, এ বিমানবন্দরটির রানওয়ের ১ হাজার ৭০০ ফুট নির্মাণ হচ্ছে সমুদ্রের ওপর। সম্প্রসারণের পর রানওয়ের দৈর্ঘ্য হবে ১০ হাজার ৭০০ ফুট বা ৩ দশমিক ২৬ কিলোমিটার। তৈরির পর এটিই হবে দেশের সবচেয়ে বড় রানওয়ে। মূলত সাগরের বুক ছুঁয়েই বিমান ওঠানামা করবে এখানে।







