বিমান নিরাপত্তা ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা নিয়ে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

বাংলাদেশের বিমানবন্দরে বার্ড কন্ট্রোল প্রযুক্তি আনতে আগ্রহী ইতালি

বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন এবং বিমান খাতের কারিগরি জনবল উন্নয়নে প্রশিক্ষণ একাডেমি গড়তে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বাংলাদেশের বিমানবন্দরে বার্ড কন্ট্রোল প্রযুক্তি আনতে আগ্রহী ইতালি
২২ জুন, ২০২৬ ১৫:১৫  

বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম (বিসিএমএস) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ইতালির প্রযুক্তি প্রতিষ্ঠান দ্য এজ কোম্পানি। একই সঙ্গে বাংলাদেশি টেকনিশিয়ানদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার আগ্রহের কথাও জানিয়েছে ইতালির ফ্লাইঅন অ্যারো কোম্পানি।

২২ জুন, সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এসব আগ্রহের কথা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

এ সময় মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ঢাকা-রোম রুটে বিমান ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আফরোজা খানম দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও উভয় পক্ষ আলোচনা করেন।

এর আগে মন্ত্রী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্যাটসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দেন।

//ডিবিটেক/টিআই/এমআই//