৭৫০ মিলিয়ন মাসিক ব্যবহারকারী ছাড়াল গুগলের জেমিনি অ্যাপ
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি ব্যবহারে নতুন মাইলফলক ছুঁয়েছে গুগল। কোম্পানির ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জেমিনি অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৭৫০ মিলিয়ন ছাড়িয়েছে। এই পরিসংখ্যান বৈশ্বিক ভোক্তা পর্যায়ে জেমিনির দ্রুত গ্রহণযোগ্যতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
এর আগের প্রান্তিকে জেমিনির মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল ৬৫০ মিলিয়ন। অর্থাৎ স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে। তুলনায় মেটা এআইয়ের মাসিক ব্যবহারকারী প্রায় ৫০০ মিলিয়ন হলেও, জেমিনি এখনও শীর্ষ প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটির পেছনে রয়েছে।
ধারণা করা হয়, ২০২৫ সালের শেষ নাগাদ চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারী ছিল প্রায় ৮১০ মিলিয়ন।
সম্প্রতি জেমিনি ৩ উন্মোচনের পর এই প্রবৃদ্ধি আরও গতি পেয়েছে। গুগলের দাবি, নতুন এই সংস্করণটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে উন্নত মডেল, যা আগের চেয়ে অনেক বেশি গভীর ও সূক্ষ্ম উত্তর দিতে সক্ষম।
প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানান, এআই মোডে জেমিনি ৩ চালু হওয়া কোম্পানির সামগ্রিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
এদিকে গুগল মাসিক ৭ দশমিক ৯৯ ডলারে ‘গুগল এআই প্লাস’ নামে একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন চালু করেছে। যদিও এটি সাম্প্রতিক হওয়ায় চলতি প্রান্তিকের হিসাবের ওপর প্রভাব ফেলেনি, তবে ভবিষ্যতে ব্যবহারকারী বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
জেমিনির এই সাফল্য এসেছে এমন এক সময়ে, যখন অ্যালফাবেট প্রথমবারের মতো বার্ষিক ৪০০ বিলিয়ন ডলারের বেশি আয় অতিক্রম করেছে। গুগলের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ ও নতুন প্রযুক্তির চাহিদা বৃদ্ধিই এই সাফল্যের মূল চালিকাশক্তি।
ডিবিটেক/বিএমটি



