ক্রিয়েটরদের সুবিধার্থে থাম্বনেইল তৈরির টুল আনলো ইউটিউব
ইউটিউব ক্রিয়েটরদের ভিডিও কনটেন্ট আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে এবং থাম্বনেইল তৈরির প্রক্রিয়া সহজ করতে বেশ কিছু নতুন টুল উন্মোচন করেছে ইউটিউব। এর মাধ্যমে এখন শর্ট-ফর্ম ভিডিও বা 'ইউটিউব শর্টস'-এর জন্য কাস্টম থাম্বনেইল যোগ করার পাশাপাশি এআই দিয়ে সরাসরি থাম্বনেইল তৈরির সুবিধা পাওয়া যাবে।
শর্টসের জন্য কাস্টম থাম্বনেইল
ইউটিউব পার্টনার প্রোগ্রামের আওতাভুক্ত ক্রিয়েটররা এখন থেকে শর্টস ভিডিওর জন্য নিজেদের তৈরি কাস্টম থাম্বনেইল ইমেজ আপলোড করতে পারবেন। ডেক্সটপ থেকে 'ইউটিউব স্টুডিও'-র কনটেন্ট ট্যাবে গিয়ে পূর্বে প্রকাশিত শর্টস ভিডিওগুলোতেও নতুন করে থাম্বনেইল যুক্ত করা যাবে। এছাড়া ডেক্সটপ ভার্সনে ভিডিও থেকে স্বয়ংক্রিয়ভাবে তিনটি ফ্রেম সাজেস্ট করা হবে, যেখান থেকে যেকোনো একটিকে থাম্বনেইল হিসেবে বেছে নেওয়া যাবে। মোবাইল অ্যাপে যেকোনো ফ্রেম সিলেক্ট করার সুবিধা আগের মতোই বহাল থাকছে।
'আস্ক স্টুডিও' দিয়ে এআই থাম্বনেইল তৈরি
ইউটিউব স্টুডিওর ভেতরেই তাদের নিজস্ব এআই টুল 'আস্ক স্টুডিও'-তে নতুন আপডেট আনা হয়েছে। এখন ক্রিয়েটররা কোনো ভিডিওর জন্য এআইকে দিয়ে স্বয়ংক্রিয়ভাবে থাম্বনেইল তৈরি করিয়ে নিতে পারবেন। নির্দিষ্ট টেক্সট প্রম্পট দেওয়ার মাধ্যমে এআই দিয়ে তৈরি ইমেজের লেআউট, রঙ এবং অন্যান্য এলিমেন্ট পরিবর্তন ও কাস্টমাইজ করা যাবে।
ইউটিউবের দাবি, এই এআই থাম্বনেইলগুলো ভিডিওর মূল বিষয়বস্তু এবং ক্রিয়েটরের নিজস্ব স্টাইলের সাথে সামঞ্জস্য রেখে তৈরি হবে।
তবে প্ল্যাটফর্মে ইদানীং এআই-জেনারেটেড থাম্বনেইলের ছড়াছড়ি নিয়ে যেসব সাধারণ দর্শক বা ভিউয়ার অসন্তোষ প্রকাশ করে আসছেন, এই নতুন এআই সুবিধা যুক্ত হওয়ার ফলে তাদের প্রতিক্রিয়া কেমন হয়- তা দেখার বিষয়।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





