জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক
বঙ্গভবনের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আটক
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় রাষ্ট্রপতি দফতরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মো. ছরওয়ার আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাশাপাশি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকে ব্যবহৃত ডিভাইসও উদ্ধার করেছে ডিবি।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার দিনগত মধ্যরাতে তাকে আটক করা হয়েছে।
এ খবরের সত্যতা নিশ্চিত করে= ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ার আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
এর আগে গত ৩১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে আইডিটি হ্যাক করা হয় বলে জানা যায়।
যদিও বিএনপি এবং দলটির অঙ্গসংগঠন ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, জামায়াত আমির স্বয়ং পোস্টটি দিয়ে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নাটক করছেন। এছাড়া বিভিন্ন মহল থেকেও শুরু হয় তুমুল সমালোচনা।
এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি ভোরে জামায়াতের পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি বিকেলে ঘটনার তদন্তের অগ্রগতি জানতে বঙ্গভবনে যান জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধি দল। তারা প্রায় পৌনে এক ঘণ্টা আলোচনা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রকাশের দাবি জানান।
এদিকে জামায়াত আমিরের পর দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এক বিবৃতিতে তিনি বলেছেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর আগে দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টেও একই ধরনের সাইবার হামলা চালানো হয়েছিল। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩১ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে পোস্টটি মুছে ফেলা হয়।
জুবায়ের জানান, এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের পরিচয় খুব শিগগিরই জাতির সামনে উন্মোচিত হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ডিবিটেক/ডিএমএন/ইকে



