কলাতিয়ায় দ্বিতীয় মিটআপ করলো আইপিটিএসপি ফোরাম
দ্বিতীয়বারের মতো বাংলাদেশে ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি) খাতের পেশাজীবী ও ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বার্ষিক মিটআপ। ৩১ জানুয়ারি, শনিবার রাজধানীর অদূরে কেরাণীগঞ্জের কলাতিয়ার গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে দিনব্যাপী এই সম্মিলনের আয়োজন করা হয়।
এই আয়োজনে দেশের ৩৫টি আইপিটিএসপি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেশাজীবী ও প্রকৌশলীসহ আইপিটিএসপি ০৯৬ ফোরামের ১৯০ জনেরও বেশি সদস্য অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ৮টায় অংশগ্রহণকারীদের যাত্রা শুরু হয় এবং ভেন্যুতে পৌঁছানোর পর পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে নাস্তা ও শুভেচ্ছা উপহার দিয়ে তাদের স্বাগত জানানো হয়। সকাল ১০টার পর শুরু হয় বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। মোরগ লড়াই, বেলুন ফাটানো, হামাগুড়ি দৌড়সহ নানা গ্রামীণ ঐতিহ্যবাহী খেলায় অংশ নেন উপস্থিত সদস্যরা। দুপুরে সাঁতারে কয়েন খোঁজার প্রতিযোগিতার মধ্য দিয়ে গোসল পর্ব শেষ হয়।
মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠিত হয় আইপিটিএসপি খাতের উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, মুনাফামুখী ব্যবসা পরিচালনা, বিদ্যমান চ্যালেঞ্জ ও নীতিমালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা। আলোচনায় বক্তব্য রাখেন এডিএন টেলিকমের ডেপুটি ডিরেক্টর সৈকত রায়হান। এছাড়া বক্তব্য দেন লিংক থ্রি টেকনোলজির সিটিও রাকিবুল হাসান, আইসিসি কমিউনিকেশনের সিআইও আব্দুর রাজ্জাক, বিডিকম অনলাইনের সুজন আহমেদ সাবির, র্যাংগস আইআইটির আবু বকর সিদ্দিকসহ খাত সংশ্লিষ্ট আরও অনেকে। তারা আইপিটিএসপি শিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে গোল্ড স্পন্সর হিসেবে অংশ নেয় ফ্যানভিল ও কিনভিলের বাংলাদেশি ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজি এবং ডিন্সটারের বাংলাদেশি ডিস্ট্রিবিউটর রাসা টেকনোলজি। তারা তাদের প্রোডাক্ট লাইন ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন।
সন্ধ্যায় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এই মিটআপের সমাপ্তি ঘটে। আইসিসি কমিউনিকেশন ও অটোনোমাস ছিল এই আয়োজনের সিলভার স্পন্সর।
ডিবিটেক/এসআই/ইকে







