মার্জিনালাইজড প্ল্যাটফর্ম উদ্বোধনে গ্রামীণফোনসহ অপারেটরদের জনদাবির প্রতি নজর দেওয়ার অনুরোধ
কল ড্রপ কমানো ও ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর
- ঢাকার শেরাটনে গ্রামীণফোনের "ডিজিটাল ইনক্লুশন – ফেজ ২" অনুষ্ঠান অনুষ্ঠিত
- কল ড্রপ ও ডেটা প্যাকেজের উচ্চমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ প্রযুক্তি মন্ত্রীর
- ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল অন্তর্ভুক্তির ওপর জোর
প্রান্তিক মানুষকে নেটওয়ারর্কে সংযুক্ত করণের মাধ্যমে ‘কাউকে পেছনে রেখে নয়’ নীতিতে টেলিনেটওয়ার্ক উন্নয়নের পথে হাঁটছে সরকার। এজন্য মোবাইল অপারেটরগুলোকে কল ড্রপ কমানো এবং ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন ও কমানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেন, “আমাকে প্রায় প্রতিদিনই দুটি বিষয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়—একটি হলো কল ড্রপ এবং অন্যটি ডেটা প্যাকেজ। গ্রাহকদের এ নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। ব্যবসায়ের পাশাপাশি আপনাদের জনসাধারণের দাবি ও সন্তুষ্টির বিষয়টি বিবেচনা করা উচিত। এতে উভয় পক্ষের জন্যই এক উইন-উইন পরিস্থিতি তৈরি হবে। গ্রাহকদের স্বার্থ রক্ষা করা অপারেটরগুলোর দায়িত্ব।”
৩০ জুলাই, বৃহস্পতিবার রাজধানীর বনানীতে শেরাটন ঢাকায় গ্রামীণফোন আয়োজিত "Digital Inclusion for Marginalized Communities – Phase II" কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার উন্নয়ন যাত্রায় এগিয়ে যাচ্ছে, যেখানে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ কোনো সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি অর্থনৈতিক প্রয়োজনীয়তা।”
তিনি প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে হিজড়া সম্প্রদায়, প্রতিবন্ধী ব্যক্তি এবং নারীদের প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে আনতে গ্রামীণফোন সহ বেসরকারি খাতকে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে দেশের দুর্গম অঞ্চলগুলোতেও সংযোগ বিস্তৃত করার নির্দেশ দেন।
//ডিবিটেক/এসএমআই/এনএএম//





