ইভি বিক্রি বাড়লেও ২০২৬ সালে গতি কমার শঙ্কা

ইভি বিক্রি বাড়লেও ২০২৬ সালে গতি কমার শঙ্কা
১৪ জানুয়ারি, ২০২৬ ১৭:৫৯  

বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২০২৫ সালে উল্লেখযোগ্য হারে বাড়লেও চলতি বছরে সেই গতি কমে আসতে পারে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্স (বিএমআই)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক পর্যায়ে বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন প্রায় ২০ শতাংশ বেড়ে ২ কোটি ৭ লাখে পৌঁছালেও ২০২৬ সালে প্রবৃদ্ধি নেমে আসতে পারে প্রায় ১৫ শতাংশে। খবর জিএসএম এরিনা।

বিশেষজ্ঞরা বলছেন, চীনে চাহিদা কমে আসা এবং বিভিন্ন দেশে বিদ্যুতায়ন লক্ষ্যমাত্রা শিথিল হওয়ার প্রভাবই এর প্রধান কারণ। 

যুক্তরাষ্ট্রে কর ছাড় সুবিধা শেষ হওয়ায় উত্তর আমেরিকায় বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। ডিসেম্বর মাসে সেখানে বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন কমেছে প্রায় ৩৯ শতাংশ।

অন্যদিকে, ইউরোপে ২০২৫ সালে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৩৩ শতাংশ, আর বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রবৃদ্ধি ছিল ৪৮ শতাংশ। তবে ইউরোপীয় ইউনিয়নে নির্গমন মান শিথিল করা এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।

বিএমআইয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে চীনে বিক্রি কিছুটা বাড়লেও ইউরোপ ও উত্তর আমেরিকায় বৈদ্যুতিক গাড়ির বাজার আরও চাপের মুখে পড়তে পারে।

ডিবিটেক/বিএমটি