শিক্ষার্থীদের বিশ্ববাজারের উপযোগী করতে ‘লার্নিং বাই ডুইং’ চালুর আহ্বান ইউজিসি সদস্যের

যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

  • আইকিউএসির উদ্যোগে তরুণ শিক্ষকদের শিক্ষাদান ও গবেষণা দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও সনদ বিতরণ
  • প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবীব, সভাপতিত্ব করেন উপ-উপাচার্য শেখ মাহমুদুল হাসান
  • পাঠদান ফলপ্রসূ করতে শিক্ষকদের ক্লাসের পূর্বে পর্যাপ্ত প্রস্তুতি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ

যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী
২৮ অক্টোবর, ২০২৬ ১৯:৪২  

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে নতুন ও কনিষ্ঠ শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতি ও গবেষণা সক্ষমতা বাড়াতে তিন দিনব্যাপী ‘ট্রেইনিং অন প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর জুনিয়র ফ্যাকাল্টি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের আইকিউএসি কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা ও অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। প্রধান অতিথি ও মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবীব বলেন, একজন কার্যকর শিক্ষক হতে হলে আজীবন শিক্ষার্থী থাকার মানসিকতা লালন করতে হবে। শ্রেণিকক্ষে যাওয়ার আগে পর্যাপ্ত প্রস্তুতি ও ইতিবাচক মানসিকতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে গতানুগতিক পাঠদানের বাইরে এসে ‘লার্নিং বাই ডুইং’ এবং ‘নিড বেসড এডুকেশন’ ব্যবস্থার ওপর জোর দেন তিনি। উচ্চশিক্ষা ও সমাজের সামগ্রিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে যবিপ্রবির প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রায় ইউজিসির সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, প্রশিক্ষণের অর্জিত জ্ঞান ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সরাসরি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ করতে হবে। ক্লাসরুমের মূল পরিচালক শিক্ষক নিজেই; তাই প্রতিটি পাঠদানকে কার্যকর করতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ক্লাসে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি নিশ্চিত করেন, শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান শিক্ষকদের সার্বক্ষণিক নতুন জ্ঞান অর্জনের মানসিকতা ধরে রাখার আহ্বান জানান। পারস্পরিক সহযোগিতা ও গবেষণার বিস্তার ঘটিয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

সমাপনী পর্বে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মুহাম্মদ নুর-ই-আলম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/জেএনএইচ/এমপিএস/এওই//