সকাল রাতে আধঘণ্টা করে বাড়বে মেট্রো রেল চলাচলের সময়

সকাল রাতে আধঘণ্টা করে বাড়বে মেট্রো রেল চলাচলের সময়
২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১৭  

চাহিদা মেটাতে সকালে চালু ও রাতে মেট্রো রেল চলাচল বন্ধের সময় আধঘণ্টা করে বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, শিগগির রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্রেন চলবে। আবার সকালে চলাচল শুরু হবে ৭টায়। এছাড়াও নতুন পরিকল্পনা অনুযায়ী, ব্যস্ত সময়ে দুই ট্রেনের মধ্যে বিরতি আরও কমে আসবে। তখন সোয়া চার মিনিট পরপর স্টেশনে ট্রেন পাওয়া যাবে।

২২ সেপ্টেম্বর, সোমবার ডিএমটিসিএল সূত্র এসব তথ্য জানিয়েছে। নতুন সময়সূচির পরিকল্পনার বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমটিসিএলের অন্তত তিনজন কর্মকর্তা নিশ্চিত করলেও নতুন এ ব্যবস্থা ঠিক কবে থেকে কার্যকর হবে তা এখনো সুনির্দিষ্ট করা হয়নি। শিগগির আনুষ্ঠানিকভাবে তা জানাবে কোম্পানিটি। 

ডিএমটিসিএলের পরিবর্তীত সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, নতুন সূচিতে উত্তরা থেকে সকালে প্রথম ৬টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ৯টায়। বিপরীত দিক থেকে মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টায় এবং শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। এছাড়াও শুক্রবার বিকেল ৩টা থেকে মেট্রোরেলের চলাচল শুরু হলেও নতুন সূচিতে এদিন বেলা আড়াইটায় চলাচল শুরু হবে। রাতেও আধা ঘণ্টা চলাচলের সময় বাড়বে।

ডিএমটিসিএল সূত্র জানায়, এখন মেট্রোরেলে দৈনিক যাত্রী যাতায়াত করে গড়ে চার লাখ ২০ হাজার। নতুন ব্যবস্থা কার্যকর হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়াবে বলে কর্তৃপক্ষ মনে করছে। মেট্রোরেল প্রকল্পের শুরুতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করার কথা বলা হয়েছিল। এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৩ জোড়া ট্রেন চলাচল করে। তবে এ লাইনের জন্য আছে ২৪ জোড়া ট্রেন। পরিবর্তিত সূচিতে প্রতিটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কমে গেলে তখন তা বেড়ে প্রায় ২০ জোড়া হবে।