চলতি মাসে আসছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন
বিশাল ব্যাটারির স্মার্টফোন আনার পরিকল্পনা বাস্তবের কাছাকাছি নিয়ে এসেছে রিয়েলমি। ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারিযুক্ত একটি স্মার্টফোন চলতি মাসেই বাজারে আসতে পারে বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি আরএমএক্স৫১০৭ মডেল নম্বরের একটি ডিভাইস ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। খবর জিএসএম এরিনা।
একজন তথ্যফাঁসকারীর দাবি, নতুন এই ফোনটি রিয়েলমির ‘পি’ সিরিজের অংশ হতে পারে এবং চলতি মাসের শেষের দিকেই ভারতে উন্মোচন করা হতে পারে।
এর আগে অনলাইনে প্রকাশিত তথ্যে জানা যায়, আরএমএক্স৫১০৭ মডেলে ১০ হাজার ১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
এখন পর্যন্ত রিয়েলমি ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার বা তার বেশি ব্যাটারির কোনো স্মার্টফোন বাজারে আনেনি। সম্প্রতি ভারতে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত রিয়েলমি পি৪এক্স উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, ২২ জানুয়ারি চীনে উন্মোচনের অপেক্ষায় থাকা রিয়েলমি নিও৮ মডেলে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
নতুন এই ফোন নিয়ে শিগগিরই আরও তথ্য প্রকাশ পাবে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি



