নতুন সাবস্ক্রিপশন বান্ডেল ‘ক্রিয়েটর স্টুডিও’ আনল অ্যাপল
সৃজনশীল কাজকে আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন সাবস্ক্রিপশন বান্ডেল ‘ক্রিয়েটর স্টুডিও’ চালু করেছে অ্যাপল। এই প্যাকেজের মাধ্যমে নির্দিষ্ট মাসিক বা বার্ষিক ফিতে অ্যাপলের জনপ্রিয় ও পেশাদার মানের সৃজনশীল অ্যাপগুলো ব্যবহার করা যাবে। খবর জিএসএম এরিনা।
খবরে বলা হয়, ম্যাক ও আইপ্যাডে ফাইনাল কাট প্রো, লজিক প্রো এবং পিক্সেলমেটর প্রো ব্যবহারের পাশাপাশি ম্যাকে পাওয়া যাবে মোশন, কমপ্রেসর ও মেইনস্টেজ।
পাশাপাশি আইফোন, আইপ্যাড ও ম্যাকে কীনোট, পেজেস ও নাম্বার্সে যুক্ত হচ্ছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার ও প্রিমিয়াম কনটেন্ট, আর ভবিষ্যতে ফ্রিফর্মেও এসব সুবিধা যোগ হবে।
ক্রিয়েটর স্টুডিও সাবস্ক্রিপশনের মাসিক মূল্য ১২ দশমিক ৯৯ ডলার এবং বার্ষিক মূল্য ১২৯ ডলার। নতুন ব্যবহারকারীদের জন্য রয়েছে এক মাসের বিনামূল্যের ট্রায়াল।
শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিশেষ ছাড়ে মাসিক ২ দশমিক ৯৯ ডলার বা বার্ষিক ২৯ দশমিক ৯৯ ডলারে এটি পাওয়া যাবে। আগামী ২৮ জানুয়ারি থেকে এই বান্ডেলটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।
অ্যাপলের ইন্টারনেট সফটওয়্যার ও সেবাবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডি কিউ বলেন, এই উদ্যোগ ভিডিও সম্পাদনা, সংগীত নির্মাণ ও সৃজনশীল ডিজাইনে যুক্ত ব্যবহারকারীদের দক্ষতা বাড়াতে নতুন সুযোগ তৈরি করবে।
ডিবিটেক/বিএমটি







