রাশিয়ায় হোয়াটসঅ্যাপে বিধিনিষেধ ও ধীরগতি নিয়ে ক্ষোভ
রাশিয়ায় হোয়াটসঅ্যাপ সেবায় বিধিনিষেধ আরোপের অভিযোগ তুলে দেশটির কর্তৃপক্ষের সমালোচনা করেছে মেটা মালিকানাধীন মেসেজিং সেবাটি। হোয়াটসঅ্যাপের দাবি, ছুটির মৌসুমের আগে রাশিয়ার এক কোটির বেশি মানুষের ব্যক্তিগত যোগাযোগের অধিকার সীমিত করার চেষ্টা করা হচ্ছে। খবর রয়টার্স।
রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাদজর পুনরায় সতর্ক করে জানিয়েছে, রুশ আইন অনুযায়ী সেবা পরিচালনায় ব্যর্থ হলে হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। সংস্থাটি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানায়, হোয়াটসঅ্যাপ নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠন, সদস্য সংগ্রহ, প্রতারণা ও অন্যান্য অপরাধে ব্যবহৃত হচ্ছে। এ কারণেই ধাপে ধাপে সেবায় সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে বলে দাবি তাদের।
এ ঘোষণার পর মঙ্গলবার হাজারো রুশ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে সেবা বিঘ্ন ও ধীরগতির অভিযোগ করেন। বিভিন্ন নেটওয়ার্ক পর্যবেক্ষণ সাইটেও বিভ্রাটের প্রমাণ মিলেছে।
হোয়াটসঅ্যাপ বলছে, এমন পদক্ষেপ ব্যবহারকারীদের গোপনীয়তা ও যোগাযোগের স্বাধীনতার পরিপন্থী এবং তা অবিলম্বে বন্ধ করা উচিত।
ডিবিটেক/বিএমটি



