চ্যাটবট প্রশিক্ষণে কপিরাইট লঙ্ঘনে গুগল, এক্সএআই ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণে অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত বই ব্যবহারের অভিযোগে গুগল, ওপেনএআই, এক্সএআই, অ্যানথ্রপিক, মেটা প্ল্যাটফর্মস ও পারপ্লেক্সিটির বিরুদ্ধে মামলা করেছেন নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী সাংবাদিক জন ক্যারেইরু। ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা এ মামলায় ক্যারেইরুর সঙ্গে আরও পাঁচজন লেখক যুক্ত হয়েছেন। খবর রয়টার্স।
মামলায় অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো লেখকদের বই ‘পাইরেসি’ করে বড় ভাষা মডেল বা এলএলএম প্রশিক্ষণে ব্যবহার করেছে, যা তাদের চ্যাটবট চালনার ভিত্তি। থেরানোস কেলেঙ্কারি উন্মোচনের জন্য পরিচিত এবং ‘ব্যাড ব্লাড’ বইয়ের লেখক ক্যারেইরু বলেন, এই ধরনের ব্যবহার সরাসরি কপিরাইট আইনের লঙ্ঘন।
এটি এক্সএআইয়ের বিরুদ্ধে প্রথম কপিরাইট মামলা। অন্যান্য মামলার বিপরীতে, বাদীরা এটিকে শ্রেণি মামলা হিসেবে আনেননি। তাদের যুক্তি, শ্রেণি মামলা হলে কম ক্ষতিপূরণে বড় সংখ্যক দাবির নিষ্পত্তি হয়ে যায়।
পারপ্লেক্সিটি দাবি করেছে, তারা বই ইনডেক্স করে না। অন্য প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক মন্তব্য করেনি।
ডিবিটেক/বিএমটি



