ইউডেমিকে কিনছে কোর্সেরা

ইউডেমিকে কিনছে কোর্সেরা
১৭ ডিসেম্বর, ২০২৫ ১৬:৩৮  
১৭ ডিসেম্বর, ২০২৫ ২২:৪০  

অনলাইন শিক্ষা খাতে বড় ধরনের একীভূতকরণের ঘোষণা দিয়েছে কোর্সেরা। প্রতিষ্ঠানটি প্রতিদ্বন্দ্বী ইউডেমিকে সম্পূর্ণ শেয়ার বিনিময়ের মাধ্যমে অধিগ্রহণ করতে যাচ্ছে। এই চুক্তির ফলে সম্মিলিত প্রতিষ্ঠানের বাজারমূল্য দাঁড়াবে প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার। খবর রয়টার্স।

খবরে বলা হয়, ইউডেমির প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা কোর্সেরার শূন্য দশমিক আটটি শেয়ার পাবেন। চুক্তিটি আগামী বছরের দ্বিতীয়ার্ধে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মহামারিকালীন উচ্চ প্রবৃদ্ধির পর অনলাইন কোর্সে ভোক্তা আগ্রহ কমে যাওয়ায় খাতটিতে একীভূতকরণের চাপ বাড়ছে। কোর্সেরা ও ইউডেমি উভয়ই মনে করছে, একীভূত প্ল্যাটফর্ম করপোরেট প্রশিক্ষণ বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য বিজ্ঞান ও সফটওয়্যার উন্নয়ন খাতে কর্মীদের দক্ষতা উন্নয়নে চাহিদা বাড়ছে।

বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানভিত্তিক সনদ কোর্সে পরিচিত কোর্সেরা এবং স্বতন্ত্র প্রশিক্ষকদের কোর্সের বাজার পরিচালনাকারী ইউডেমির এই জোট বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের মধ্যেই গড়ে উঠছে। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা উন্নয়নই নতুন প্রতিষ্ঠানের প্রধান কৌশল হবে।

ডিবিটেক/বিএমটি