চীনা স্মার্টফোনে বাইটড্যান্সের নতুন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট

চীনা স্মার্টফোনে বাইটড্যান্সের নতুন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট
২ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫৯  

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স ঘোষণা দিয়েছে যে তারা নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করছে, যা জেডটিই করপোরেশনের নির্মিত একটি স্মার্টফোনে প্রথম ব্যবহৃত হবে। পরবর্তীতে অন্যান্য নির্মাতার ফোনেও এই সুবিধা যুক্ত হবে। খবর রয়টার্স।

দোবাও নামের বাইটড্যান্সের জনপ্রিয় বৃহৎ ভাষা মডেল দ্বারা চালিত এই ভয়েস টুল দিয়ে ব্যবহারকারীরা কণ্ঠ ব্যবহার করে বিভিন্ন কাজ যেমন কনটেন্ট খোঁজা বা টিকিট বুকিংয়ের মতো কাজ সম্পন্ন করতে পারবেন। হুয়াওয়ে ও শাওমির মতো চীনা নির্মাতারা ইতোমধ্যেই এমন সুবিধা চালু করেছে। তবে অ্যাপলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার এখনো চীনা বাজারে আনুষ্ঠানিকভাবে চালু হয়নি।

এআই টুলটি প্রথম যুক্ত হচ্ছে জেডটিইর নুবিয়া এম১৫৩ মডেলে, যার প্রোটোটাইপ সংস্করণের দাম ৩৪৯৯ ইয়ুয়ান। সীমিত পরিসরে ফোনটির প্রি–অর্ডার শুরু হয়েছে। এই খবর প্রকাশের পর সোমবার জেডটিইর শেয়ারমূল্য দশ শতাংশ বেড়ে গেছে।

বাইটড্যান্স জানিয়েছে, তারা নিজস্ব স্মার্টফোন তৈরি করতে চায় না; বরং বিভিন্ন নির্মাতার সঙ্গে আলোচনা করে এআই ভয়েস সেবা ছড়িয়ে দিতে আগ্রহী। ইতোমধ্যে দোবাও চ্যাটবট চীনে ভোক্তা–কেন্দ্রিক এআই অ্যাপে শীর্ষ অবস্থানে রয়েছে, যেখানে মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ১৫ কোটি ৬৯ লাখ।

ডিবিটেক/বিএমটি