স্যামসাংয়ের প্রথম মাল্টি–ফোল্ডিং ফোন উন্মোচন
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে স্যামসাং ইলেকট্রনিকস তাদের প্রথম মাল্টি–ফোল্ডিং স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড উন্মোচন করেছে। বাড়তে থাকা প্রতিযোগিতার বাজারে নতুন এই ডিভাইস স্যামসাংকে ভাঁজযোগ্য ফোনের ভবিষ্যৎ দিকনির্দেশনায় আরও শক্ত অবস্থান দিতে পারে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। খবর রয়টার্স।
প্রায় তিন দশমিক পাঁচ নয় মিলিয়ন ওন মূল্যের ট্রাইফোল্ড খুললে তা দশ–ইঞ্চি পর্দায় রূপ নেয়। তিনটি প্যানেলযুক্ত এই ডিভাইসটি স্যামসাংয়ের সর্বশেষ ফোল্ডেবল মডেল জেড ফোল্ড সেভেনের তুলনায় প্রায় পঁচিশ শতাংশ বড়। প্রতিষ্ঠানটির নির্বাহী সহ–সভাপতি আলেক্স লিম বলেন, ভাঁজযোগ্য ফোনের বাজার আরও বিস্তৃত হবে এবং নতুন ট্রাইফোল্ড সেই বৃদ্ধিতে অনুঘটকের ভূমিকা রাখবে।
ডিভাইসটি ১২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বাজারে আসবে এবং চলতি বছরের মধ্যেই চীন, সিঙ্গাপুর, তাইওয়ান ও সংযুক্ত আরব আমিরাতেও উন্মুক্ত হবে। আগামী বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে উন্মোচনের পরিকল্পনা রয়েছে। এতে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা আধা ঘণ্টায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত চার্জ নেয়।
চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিযোগিতা এবং অ্যাপলের সম্ভাব্য ভাঁজযোগ্য ফোনের কারণে বাজারে উত্তাপ বাড়লেও বিশ্লেষকদের মতে, উচ্চমূল্য ও উৎপাদন জটিলতায় ফোল্ডেবল ডিভাইস এখনও সীমিত পরিসরেই থাকবে।
ডিবিটেক/বিএমটি







