সিনোপসিসে এনভিডিয়ার ২ বিলিয়ন ডলার বিনিয়োগ
চিপ ডিজাইন সফটওয়্যার নির্মাতা সিনোপসিসে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এনভিডিয়া। বহু–বছরের বিস্তৃত অংশীদারিত্বের অংশ হিসেবে এই বিনিয়োগের লক্ষ্য হলো বিভিন্ন শিল্পে ব্যবহৃত পণ্য ডিজাইনের জন্য নতুন এআই টুল তৈরি করা। ওপেনএআই ও অ্যানথ্রপিকসহ সাম্প্রতিক বিনিয়োগের ধারাবাহিকতায় এনভিডিয়ার এই পদক্ষেপ তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে আধিপত্য আরও সুদৃঢ় করবে। খবর রয়টার্স।
সিনোপসিসের সফটওয়্যার বিমান ইঞ্জিন থেকে শুরু করে কম্পিউটার চিপ পর্যন্ত জটিল পণ্যের ডিজাইনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাধারণত এসব ডিজাইনের সিমুলেশন করতে সপ্তাহ লেগে যায়; কিন্তু এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করলে কয়েক ঘণ্টায় কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে দুই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা জানিয়েছেন। এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং বলেছেন, এই গতি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
চুক্তিটি একচেটিয়া নয়। সিনোপসিসের প্রধান নির্বাহী সাসিন গাজি জানিয়েছেন, এনভিডিয়ার অর্থায়ন তাদের সফটওয়্যারকে এনভিডিয়ার চিপের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ বাড়াবে, তবে এই অর্থ দিয়ে এনভিডিয়ার চিপ কেনার কোনো বাধ্যবাধকতা নেই। তিনি আরও জানিয়েছেন, এএমডি বা ইন্টেলসহ অন্য কেউ চাইলে তারাও সমপর্যায়ের অংশীদারিত্বে আগ্রহী।
সোমবার খবরটি প্রকাশের পর সিনোপসিসের শেয়ার মূল্য প্রায় পাঁচ শতাংশ এবং এনভিডিয়ার মূল্য প্রায় দেড় শতাংশ বৃদ্ধি পায়।
ডিবিটেক/বিএমটি







