যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
১ ডিসেম্বর, ২০২৫ ১৮:২৪  

নবীন শিক্ষার্থীদের ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, কালার ফেস্ট, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিরিয়ারিং (টিই) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 ১ ডিসেম্বর,  সোমবার টিই বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের শিক্ষা জীবনের সমাপ্তি পর্যন্ত তোমাদের পাঠদানের পাশাপাশি সার্বিক বিষয়ে দেখাশোনার দায়িত্ব আমাদের। তোমাদের সকল প্রকার সুবিধা-অসুবিধা আমার সাথে সরাসরি অথবা তোমাদের অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সাথে সরাসরি যোগাযোগ রাখবে। তোমার যেকোন সমস্যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আগে জানাবে। তোমাদেরকে আবেগের পাশাপাশি দায়িত্ববোধকে কাজে লাগাতে হবে। তোমরা বাংলাদেশের প্রথম শ্রেণির নাগরিক বিধায় আইন নিজেদের হাতে তুলে নেওয়া যাবে না। কোন সমস্যা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবে, তোমার সমস্যা সমাধানে তারাই এগিয়ে আসবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য বলেন, তোমারা যে বিভাগে ভর্তি হয়েছো সেটি একটি অফুরন্ত সম্ভাবনাময় বিভাগ। বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের ভূমিকা অপরিসীম। আর তোমাদের পড়াশোনা সেটির সাথে সরাসরি সম্পর্কিত। তোমরা লেখাপড়া, গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর মাধ্যমে নিজের তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তোমাদের প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের পাশাপাশি একজন ভালো উদ্যোক্তা হতে হবে। সকল বাঁধা অতিক্রমের মাধ্যমে তোমরা সফলতার দেখা পাবে। তোমরা সফল ও সার্থক হলেই দেশ ও জাতি সফল ও সার্থক হবে। এই দেশ ও জাতির পরিবর্তন তোমাদের অংশগ্রহণের মাধ্যমেই হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টিই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সালমা খাতুন শিলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন, ড. ইঞ্জি.। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন টিই বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিই বিভাগের শিক্ষার্থী  মোঃ সাফি ও আব্দুল্লাহ-আল-নোমান। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিবিটেক/এমএইচ /ইকে