চুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১৫:৫৪  
১৪ ডিসেম্বর, রবিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে আমাদের সুখী, সমৃদ্ধ ও মানবিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে চুয়েটের দায়িত্ব কেবল দক্ষ প্রকৌশলী তৈরি করা নয় বরং নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। যখন মানুষ আত্মমর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ হয়, তখন পরিবর্তন অনিবার্য। এই আত্মবিশ্বাস নিয়েই আমাদের একটি বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর দেশ গড়তে হবে।
সভায় অতিথি বক্তা ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আলম সরকার।
এতে আরো বক্তব্য রাখেন ডীনদের পক্ষে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, চুয়েট কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জনাব প্রিয়তোষ চক্রর্বত্তী, শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর ২০ ব্যাচের ছাত্র আদিল রায়হান। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান ও সিন্ডিকেট শাখার সেকশন অফিসার জনাব মীর মোহাম্মদ রাতুল হাসান। শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট এর স্টাফ কোয়াটার জামে মসজিদের ইমাম মাওলানা হামিদ উল্লাহ।
ডিবিটেক/এআইএম/ইকে