গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজে ‘জুলাই স্মৃতি কর্নার' উদ্বোধন
গাজীপুরের নলজানিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের অধীন টেলিযোগাযোগ স্টাফ কলেজে জুলাই গণঅভ্যুত্থানকারীদের স্মরণে স্থাপিত হলো 'জুলাই স্মৃতি কর্নার'। ২৯ নভেম্বর, শনিবার বিটিসিএল) এর কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা শুরুর আগে এটি উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
এসময় গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, বিটিসিএল এর ব্যবস্থাপণা পরিচালক মোঃ মামুনুর রশীদ, টেলিযোগাযোগ স্টাফ কলেজের ডিজি ড. এ.কে.এম. গোলাম বাহারুল, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব মোঃ সফিউল আলম, উপসচিব বি. এম. মশিউর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরির যে সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান টেলিকম সচিব।
সচিব আব্দুন নাসের খান বলেন, ব্যাক্তি থেকে প্রাতিষ্ঠানিক পর্যন্ত সকল ক্ষেত্রে যথাযথ ভূমি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। কারণ, বাংলাদেশ ক্ষুদ্র ভূখন্ডের বিশাল জনসংখ্যার দেশ, সে হিসেবে বাংলাদেশ একটি 'ল্যান্ড হাংরি" দেশ। এই জন্যই যথাযথ ভূমি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উপযুক্ত ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে নতুন নতুন সম্ভবনার দ্বার উন্মোচিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
ডিবিটেক/জেইউ/ইকে







