কাওরান বাজারে এনইআইআর ইস্যুতে ‘আনঅফিসিয়াল’ ফোন ব্যবসায়ীদের মানবন্ধন
এনইআইআর সংস্কারে ‘সুবিধাজনক নীতিমালা’র দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সড়কের পাশে অবস্থান নিয়েছেন ‘আনঅফিসিয়াল’ মোবাইল ফোন ব্যবসায়ীরা। ৩০ নভেম্বর, রবিবার সকাল থেকে হাজারো ব্যবসায়ী ও কর্মচারী উপস্থিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। বিভিন্ন অনানুষ্ঠানিক মাধ্যমে দেশে মোবাইল ফোন এনে ট্যাক্স ছাড়া ‘আনঅফিসিয়াল’ হিসেবে বিক্রি করে এসব ব্যবসায়ীরা।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) এর ব্যানারে তারা কাওরান বাজার মেট্রোরেল স্টেশন সংলগ্ন রাস্তার পাশে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে এই কর্মসূচি পালন করছে। সার্ক ফোয়ারাকেও ঘিরে দাঁড়িয়ে প্রতিবাদ করছে তারা। এতে ধানমন্ডি থেকে কাওরানবাজার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
একই দাবিতে ঢাকাসহ সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীরা। ফলে আজ দেশের অধিকাংশ দোকানই খোলেনি বলে জানা গেছে। এ ঘোষণা দেওয়া হয়।
আগামী ১৬ ডিসেম্বর থেকে বিটিআরসি’র পক্ষ থেকে এনইআইআর চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মোবাইল আমদানিতে ৫৭ শতাংশ ভ্যাট কমানোর দাবির স্লোগান দেয়ার পাশাপাশি তাদের হাতে ধরা প্লাকার্ডে দাবি করা হয়েছে, ‘এনইআইআর হবে কিন্তু বৈষম্য নয়’; ‘৫% মাফিয়াদের সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও’।
প্রতিবাদে অংশ নিয়ে মোবাইল ফোন ব্যবসায়ী আবদুল খালেক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এ ব্যবসা করছি। সরকার হুট করেই এটি বন্ধ করে দিলে আমরা কোথায় যাব। আমাদের দাবি জানাতে আজ রাস্তায় নেমে এসেছি। সরকারকে আমরা একটা বার্তা দিতে চাই। সরকার যেন আমাদের সঙ্গে বসে একটা সুন্দর নীতিমালা তৈরি করে। তাতে ব্যবসায়ী ও সরকার সবাই বাঁচবে।’
ডিবিটেক/এনবি/ইকে



