সোনাগাঁওয়ে ‘বাংলাদেশ টেককানেক্ট ’ প্যানেল আলোচনা অনুষ্ঠিত
রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে ২৬ নভেম্বর, বুধবার অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ টেক কানেক্ট ২০২৫’ নামের একটি প্যানেল আলোচনা। বিকেল থেকে শুরু হয়ে চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে একাধিক উপস্থাপনা পেশ করেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। প্রশাসন, ব্যবসা ও দৈনন্দিন জীবনে এআই, ফাইভজি, ক্লাউড, আইওটি এবং ফিনটেকসহ নানা ডিজিটাল প্রযুক্তির রূপান্তরমূলক প্রভাব নিয়ে আলোচনা করেন তারা।
‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষে সমৃদ্ধ, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন’ প্রাতিপাদ্যে অনুষ্ঠিত ইভেন্টে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এসময় তিনি বলেন, “বাংলাদেশ আগেই ডিজিটাল রূপান্তরের যাত্রা শুরু করেছে। তবে সম্প্রতি আমরা এই যাত্রার ধাপ ও দিকনির্দেশনা আরও সুস্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছি। আমাদের অগ্রগতি ইতোমধ্যেই প্রতিফলিত হয়েছে। অংশীদারদের সহায়তায় আমরা ডিজিটাল সেবার মাধ্যমে মানুষের আরও ক্ষমতায়ন করতে চাই।”
অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের নেতৃবৃন্দ, নিয়ন্ত্রক সংস্থা, উন্নয়ন সহযোগী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন খাতের উদ্ভাবকরা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রা নিয়ে আলোচনা করেন।
এছাড়া সরকারি সংস্থা, মোবাইল অপারেটর, আইসিটি প্রতিষ্ঠান, ফিনটেক কোম্পানি, করপোরেট ও শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক অংশীজন অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে আইসিটি বিভাগের বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করা হয়।
আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা প্রতিষ্ঠানটির কৌশলগত উদ্যোগগুলিকে ব্যাখ্যা করেন। জিএসএমএ এশিয়া প্যাসিফিক প্রধান জুলিয়ান গোরম্যান ‘‘ব্রিজিং দ্য ডিজিটাল ডিভাইড: এশিয়া প্যাসিফিক ইনসাইটস’ বিষয়ক এক বক্তব্য প্রদান করেন।
এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর নির্বাহী পরিচালক মো. আবু সাঈদ এবং এটুআই ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)-এর প্রতিনিধিরা ‘এম্পাওয়ারিং এন্টারপ্রাইজেস থ্রু ডিজিটাল ট্রান্সফরমেশন’ নিয়ে বক্তব্য রাখেন।
এরপর শীষ হায়দার চৌধুরীর পরিচালনায় ‘ইন্ডাস্ট্রি ডিজিটাইজেশন’ বিষয়ে একটি প্যানেল আলোচনা আয়োজিত হয়। এতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ব্যাংক, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন শিল্পে ডিজিটাল অবকাঠামোর কার্যকর ব্যবহার ও রূপান্তর সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আবুল হাসিব চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ই-অ্যান্ডও বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল আলম পারভেজ, বিশ্বব্যাংকের ডিজিটাল বিশেষজ্ঞ সুপর্না রায়, জাতীয় সাইবার সুরক্ষা এজিন্সির (এনসিএসএ) ড. মোহাম্মদ তৈয়ব্যুর রহমান, বাংলালিংক এর চিফ রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, হুয়াওয়ে টেকনোলসিজ বাংলাদেশ লিমিটেডের সিইও জেসন উ, টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী, গ্রামীণফোনের সিসিএ তানভীর মোহাম্মাদ এবং রবি আজিয়েটার ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা।
আইসিটি বিভাগের সঙ্গে যৌথভাবে এই ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৫’আয়োজন করে হুয়াওয়ে।
ডিবিটেক/টিএইচ/ইক



