স্টার্টআপে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে যাত্রা শুরু করছে বিএসআইসি

স্টার্টআপে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে যাত্রা শুরু করছে বিএসআইসি
৭ মে, ২০২৬ ১৫:০৫  

দেশের প্রযুক্তিনির্ভর উদীয়মান উদ্যোগ বা স্টার্টআপ খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি)। দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত এই ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের সূচনা তহবিল উদ্বোধন হবে আগামী ১২ মে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মো. মোস্তাকুর রহমান। অনুষ্ঠানে বিএসআইসির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন স্বাগত বক্তব্য দেবেন। এছাড়া প্রতিষ্ঠানটির বিনিয়োগ কাঠামো ও কৌশল তুলে ধরবেন অ্যাংকরলেস বাংলাদেশের ম্যানেজিং পার্টনার রাহাত আহমেদ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের স্টার্টআপ খাতে স্থানীয় অর্থায়নের ঘাটতি দূর করতে ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ব্যাংকগুলোর মুনাফার ১ শতাংশ অর্থ দিয়ে প্রায় ৬০০ কোটি টাকার প্রাথমিক তহবিল গঠন করা হয়েছে। ভবিষ্যতে প্রতিবছর ব্যাংকগুলোর মুনাফার নির্দিষ্ট অংশ যুক্ত হওয়ায় তহবিলের আকার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিএসআইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন প্রায় ৪২৫ কোটি টাকা এবং অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। প্রতিষ্ঠানটি সরাসরি সম্ভাবনাময় স্টার্টআপে ইক্যুইটি বিনিয়োগের পাশাপাশি বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডকে বাংলাদেশে যৌথ বিনিয়োগে উৎসাহিত করার কাজও করবে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে দীর্ঘদিন ধরে স্টার্টআপ খাতের বড় চ্যালেঞ্জ ছিল স্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগের অভাব। বিদেশি তহবিলের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোগ প্রাথমিক পর্যায়ে টিকে থাকতে পারেনি। বিএসআইসির মাধ্যমে সেই সংকট অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, বিএসআইসির পরিচালনা পর্ষদে মোট নয়জন সদস্য রয়েছেন। এর মধ্যে পাঁচজন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং চারজন স্বতন্ত্র পরিচালক। প্রাথমিকভাবে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, রিটেইল সেবা, গ্রামীণ অর্থনীতি, যোগাযোগ, লজিস্টিকস ও খাদ্যপণ্য খাতের স্টার্টআপে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘Catalyzing Institutional Capital for Bangladesh’s Next Growth Wave’ শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে। এতে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, উদ্ভাবনী উদ্যোক্তা তৈরি এবং দীর্ঘমেয়াদি তহবিল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

খাতসংশ্লিষ্টদের মতে, সরকারি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কার্যক্রমের গতি কমে আসার প্রেক্ষাপটে বেসরকারি ব্যাংকগুলোর সমন্বয়ে গঠিত বিএসআইসির এই উদ্যোগ দেশের স্টার্টআপ খাতে নতুন গতি সৃষ্টি করবে।

ডিবিটেক/বিএনও/ইকে