ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'শত বছরের সফল ব্যক্তি স্মারক সম্মাননা' অনুষ্ঠান
গুণীজনদের সম্মাননা জানালেন মন্ত্রী ফকির মাহবুব
- সমাজ গঠনে অবদান রাখা গুণীজনদের পরিচয় ভুলে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
- মোবাইল-সোশ্যাল মিডিয়া আসক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে আয়োজিত এ অনুষ্ঠানে ৮টি বইয়ের মোড়ক উন্মোচন এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
ধর্ম, দল বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য অবদান রাখা গুণীজনদের অবদানকে স্বীকৃতি দিয়ে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
২১ আগষ্ট, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ‘শত বছরের সফল ব্যক্তি স্মারক সম্মাননা এবং প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, "বর্তমান সময়ে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। একই সঙ্গে ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।"
এসব রোধে সরকার প্ল্যাটফর্মগুলোর সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট তৈরির প্রবণতা রোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর নীতিগত কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া টাঙ্গাইলের গুণী ব্যক্তিদের অবদান সংরক্ষণ ও গ্রন্থাগারে ছড়িয়ে দিতে বই প্রকাশের উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সফল ব্যক্তি ও গুণী লেখকদের ৮টি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন ও সম্মাননা জানানো হয়। মোড়ক উন্মোচিত বই ও সংবর্ধিত লেখকগণ হলেন:
-
ইতিবাচক চিন্তার মননশীল মানুষ — ড. ইউসুফ খান
-
স্বাস্থ্য সুরক্ষার চাবিকাঠি — প্রফেসর ড. প্রভাত চন্দ্র বড়ুয়া
-
টাঙ্গাইল জেলার সহস্র বীর মুক্তিযোদ্ধাদের জীবনালേഖ্য: শিখা অনির্বাণ-১ — বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোহাম্মদ চাঁদ মিঞা
-
লারার হৃদয়ে বাংলাদেশ — লতিফা আক্তার
-
বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন — লতিফা আক্তার
-
আখির আলো — লুতফা আক্তার মিতা
-
গল্প সমগ্র — সুবর্ণা রায়
-
নাট্যসম্ভার — মো. রুহুল আমীন রুবেল
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তারুণ্য তাওহীদ।
ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন এবং ছায়ানীড়ের উপদেষ্টা আব্দুল কাশেম চৌধুরী। অনুষ্ঠানে সংগঠনের প্রশাসনিক পরিচালক শায়খানাজে রহমান ও নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ জেইউপি/এসএমই//





