প্রথম দিনই মেট্রোরেল স্থায়ী কার্ডে অনলাইন রিচার্জে
৪ ঘণ্টায় ৭ লাখ হিট; অচল র্যাপিডপাস
গ্রাহকদের চাপে প্রথম দিনেই অচল হয়ে যায় মেট্রোরেলের অনলাইন রিচার্জ। ২৫ নভেম্বর, মঙ্গলবার দুপুরে উদ্বোধনের পর ৪ ঘণ্টায় ৭ লাখ হিটে ধসে পড়ে র্যাপিডপাস ডটকম ডট বিড ওয়েবসাইটটি।
বিকালের পর ব্যবহারকারীরা নির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধন বা রিচার্জ করতে গেলে দেখা যায়, সাইটটি কাজ করছে না। পেইজে বার্তা দেখায়- ‘অপ্রত্যাশিত একটি ত্রুটি ঘটেছে! অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’
আগে যারা চেষ্টা করার সুযোগ পেয়েছেন, তারা সঠিক ‘ওটিপি’ (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিলেও সেটি ভুল দেখায়। একই ওটিপি একাধিকবার দিলে তারপর কাজ করেছে। একইভাবে কার্ডের নাম্বার ভুল বলছে। তবে কার্ডের নাম্বার পাঁচবারের বেশি দেওয়ার সুযোগ নেই।
বিকেল থেকে একাধিকবার চেষ্টা করেও ব্যবহারকারীরা রিচার্জ সেবা নিতে পারেননি, যার ফলে ভোগান্তি বাড়ছে।
সাইটটি তৈরি করেছে ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড। সূত্রমতে, পরীক্ষামূলক উদ্বোধনের জন্য সাইটটিতে একসঙ্গে সর্ব্বোচ দুই হাজার ৫০০ জন ভিজিট করা এবং একসঙ্গে সর্ব্বোচ ১৩০ জন গ্রাহক রিচার্জ করার সক্ষমতা ছিলো। কিন্ত মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চার ঘণ্টায় সাইটে প্রায় সাত লাখ হিট পড়েছে। এতে করে বিপর্যয় তৈরি হয়।
সেবাটি সমন্বয় করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। জানতে চাইলে ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার বলেন, প্রথম দিন অনেক চাপ তৈরি হওয়ায় হয়তো এমনটা ঘটছে। আস্তে আস্তে ওয়েবসাইটের ক্যাপাসিটি (ধারণক্ষমতা) বাড়ানো হবে। কাজ চলছে, আশাকরি বিষয়টি দ্রুত ঠিক হয়ে যাবে।
ডিবিটেক/আরটি/ইক



