২৭ জন সাংবাদিক পেলেন নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 

নগদ-ডিআরইউ সেরা প্রতিবেদক: অনলাইনে জসিম; তথ্যপ্রযুক্তিতে হারুন আর রশিদ

নগদ-ডিআরইউ সেরা প্রতিবেদক: অনলাইনে জসিম; তথ্যপ্রযুক্তিতে হারুন আর রশিদ
১৬ নভেম্বর, ২০২৫ ১৩:২৭  

অনলাইন, ছাপা পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমের ২৭ জন সাংবাদিক অর্জন করেছেন নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫। ২৪টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রকাশিত প্রতিবেদন থেকে বছরের সেরা প্রতিবেদন হিসেবে এই সম্মাননা দেয়া হয়।

১৬ নভেম্বর, রবিবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সেরা প্রতিবেদনের পুরস্কার তুলে দেওয়া হয়। 

 ২৭টি অসামান্য প্রতিবেদন সেরার পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। এরমধ্যে দুটি ক্যাটাগরিতে চারজন যৌথভাবে পুরস্কার জিতেছেন।

 ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্য থেকে সেরা প্রতিবেদক হিসেবে পুরস্কৃত হয়েছেন অনলাইন পত্রিকা জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সালাহ উদ্দিন জসিম। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর সনদ নিয়ে টানাটানি প্রতিবেদনের জন্য এই সম্মাননা পান তিনি। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্যাটাগরিতে ‘ব্যান্ডউইথও আসছে চোরাই পথে’ প্রতিবেদনের জন্য সম্মাননা পেয়েছেন দৈনিত কালবেলা’র হারুন আর রশিদ। অনলাইন পত্রিকা ঢাকা পোস্ট ডটকম এর মোঃ জসীম উদ্দীন পুরস্কৃত হয়েছেন হতাশা-নির্যাতন-বঞ্চনায় বিঘ্নিত রোহিঙ্গা শিশুর ‘মানসিক স্বাস্থ্য’ প্রতিবেদনের জন্য। 

এছাড়াও সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), রফিকুল ইসলাম (দ্য ডেইলি সান), এম এ নোমান (দৈনিক আমার দেশ), জিয়াদুল ইসলাম (দৈনিক আমাদের সময়), মো. শাখাওয়াত প্রিন্স (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), মো. শরিফুল ইসলাম (দ্য ডেইলি স্টার), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), মো. আবু সালেহ রনি (দৈনিক সমকাল), মো. রাহেনুর ইসলাম (সকালসন্ধ্যা ডটকম), মো. শওকত আলী (দৈনিক দেশ রূপান্তর), এহসানুল হক জসীম (দ্য ডেইলি সান), মো. হেলিমুল আলম (দ্য ডেইলি স্টার), শামসুল হক মোহাম্মদ মিরাজ (দৈনিক কালেরকণ্ঠ), শাহ মো. রাশেদুর রহমান  (ডিবিসি নিউজ), আবু জাহেদ মুহম্মদ সেলিম (মাছরাঙা টেলিভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), রাজিব ঘোষ (ডিবিসি নিউজ), মো. ইমদাদুল হক (চ্যানেল টোয়েন্টিফোর), মো: ইউসুফ আলী (ডিবিসি নিউজ), সুশান্ত কে সিনহা (একাত্তর টেলিভিশন), শাহনাজ শারমীন (একাত্তর টেলিভিশন), মেহ্‌দী আজাদ মাসুম (বৈশাখী টেলিভিশন), মৌসুমী ইসলাম (দ্য ডেইলি সান) এবং হাসান আরিফ (দৈনিক রূপালী বাংলাদেশ) এ বছরের ডিআরইউ সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা প্রখ্যাত অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহসহ নগদ পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, দেশের খ্যাতনামা সাংবাদিকবৃন্দ, নীতিনির্ধারকেরা এবং বিভিন্ন ক্ষেত্রের গুনীজনেরা উপস্থিত ছিলেন। 
  
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও সভাপতিত্ব করেন ডিআরইউ-এর সভাপতি আবু সালেহ আকন। 
এ পুরস্কারের জন্য গঠিত ১০ সদস্যের জুরিবোর্ডের চেয়ারম্যান ছিলেন ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ। 

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ এর পৃষ্ঠপোষকতায় এই সম্মাননা দেয়া হয়। পুরস্কারের সম্মানী মূল্যমান হিসেবে সনদের পাশাপাশি ৫০ হাজার টাকার একটি করে চেক পেয়েছেন পুরস্কার বিজয়ীরা। 

এর আগেও ২০২১ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সার্বিক সহায়তা করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ লিমিটেড।
ডিবিটেক/এলএলএস/ইক