প্রযুক্তিনির্ভর অগ্রযাত্রায় এগোচ্ছে দেশ: 

নিয়োগ, শিক্ষা, জ্বালানির সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনাতেও সামনের কাতারে প্রযুক্তি

নিয়োগ, শিক্ষা, জ্বালানির সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনাতেও সামনের কাতারে প্রযুক্তি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:৪৯  

দেশের প্রশাসন, শিক্ষা, কৃষি, জ্বালানি ও নাগরিকসেবায় প্রযুক্তিনির্ভর সংস্কারের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায়ও প্রযুক্তির ব্যবহার করছে সরকার। প্রযুক্তি নির্ভর উদ্যোগ বাস্তবায়নের ফলে গত দুই মাসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সরকারের জিরো টলারেন্স নীতির পাশাপাশি আধুনিক নজরদারি ব্যবস্থার কারণে সীমান্তে অপরাধী গ্রেপ্তারের হার প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের সফলতা বেড়েছে ৪০ শতাংশ। এছাড়া প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল পাচার রোধ করা সম্ভব হয়েছে। 

 ২৮ এপ্রিল, মঙ্গলবার সচিবারয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তুলে ধরক বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদন থেকে মিলিছে এই তথ্য।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পাঁচ বছরে পাঁচ লাখ শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৮০ দিনের মধ্যে পূরণযোগ্য পদগুলো দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় আনা হচ্ছে। শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়েই ২,৮৭৯টি শূন্যপদ পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

শিক্ষা খাতে প্রযুক্তি ব্যবহারে নতুন গতি আনছে সরকার। বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে দেশব্যাপী “ওয়ান টিচার, ওয়ান ট্যাব”, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। 

কৃষি খাতেও ডিজিটাল রূপান্তর জোরদার হচ্ছে। কৃষক কার্ডের প্রাক-পাইলট সফল হওয়ার পর আগস্ট ২০২৬-এর মধ্যে ১৫টি উপজেলায় প্রায় ৮ লাখ কৃষকের ১৩০ ধরনের তথ্যসমৃদ্ধ ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। 

জ্বালানি ব্যবস্থাপনায় স্মার্ট নজরদারি বাড়াতে চালু হয়েছে ফুয়েল পাস ব্যবস্থা। ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড সংগ্রহের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। 

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জাতীয় গ্রিডে চাহিদা ও সরবরাহ ব্যবস্থাপনায় রিয়েল-টাইম মনিটরিং জোরদার করা হয়েছে। ২৬ এপ্রিল দেশের মোট বিদ্যুৎ চাহিদা ছিল ১৪,৩৫২ মেগাওয়াট, যার বিপরীতে সরবরাহ ছিল ১২,৪৮৭ মেগাওয়াট। 

স্থানীয় সরকার বিভাগ জানায়, ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৭০টি ‘সিটি হেলথ সেন্টার’ নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে প্রশাসনিক গতি বাড়বে, সেবাপ্রাপ্তি সহজ হবে এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন গতি আসবে।

ডিবিটেক/এসএইচ/ইএইচ