স্টার্টআপে বিনিয়োগ বাড়াতে বিএসআইসির ৪২৫ কোটি টাকার অঙ্কুর তহবিল ঘোষণা

বিএসআইসির প্রথম সিইও ওয়াইজ রহিম

  • বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির (বিএসআইসি) প্রথম এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াইজ রহিম।
  • ৩৯টি ব্যাংকের উদ্যোগে গঠিত প্রতিষ্ঠানটি স্টার্টআপের জন্য ৩ কোটি ৫০ লাখ ডলারের ‘অঙ্কুর’ তহবিল এনেছে।
  • আগামী ৫ বছরে এই তহবিলের আকার ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা প্রকাশ করা হয়েছে।

বিএসআইসির প্রথম সিইও ওয়াইজ রহিম
২১ আগষ্ট, ২০২৬ ০০:৩৯  

দেশের প্রযুক্তিনির্ভর স্টার্টআপ খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি ও পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে গঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ওয়াইজ রহিমকে নিয়োগ দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়।

৩৯টি ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত এই বিশেষায়িত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে দেশের শীর্ষ পাঁচটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা অন্তর্ভুক্ত রয়েছেন। বিএসআইসিতে যোগ দেওয়ার আগে ওয়াইজ রহিম লন্ডনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘স্টারজন ক্যাপিটাল’-এর বাংলাদেশ পার্টনার হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে ২০১৭ সালে তিনি ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ডেলিগ্রাম’ প্রতিষ্ঠা করে সিঙ্গাপুর ও নিউইয়র্কের বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫ লাখ ডলারের বেশি অর্থায়ন সংগ্রহ করেছিলেন। তিনি ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় গঠিত বিএসআইসি ইতোমধ্যে ‘অঙ্কুর’ নামে ৩ কোটি ৫০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২৫ কোটি টাকা) সমপরিমাণের একটি যৌথ বিনিয়োগ তহবিল চালু করেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে এই তহবিল থেকে সম্ভাবনাময় স্টার্টআপগুলোতে ইক্যুইটি বিনিয়োগ করা হবে। আগামী পাঁচ বছরে এই তহবিলের আকার ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে বিএসআইসি প্রত্যাশা করছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি বছর তাদের বার্ষিক মুনাফার ১ শতাংশ স্টার্টআপ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করতে হচ্ছে। এর ফলে আগামী দিনে দেশের উদ্ভাবনী উদ্যোগগুলোতে মূলধন পাওয়ার পথ আরও প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
//ডিবিটেক/এনএপি/এসআই//