লেনদেন ফি কমাচ্ছে ভিসা ও মাস্টারকার্ড

লেনদেন ফি কমাচ্ছে ভিসা ও মাস্টারকার্ড
৯ নভেম্বর, ২০২৫ ০৯:৫২  
৯ নভেম্বর, ২০২৫ ১১:৫৪  

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক অর্থপ্রদানের প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড ব্যবসায়ীদের সঙ্গে বহুদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এই সমঝোতা অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি দোকানপাটের কাছ থেকে নেওয়া লেনদেন ফি কমাবে এবং ব্যবসায়ীদের কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ধরনের ক্রেডিট কার্ড গ্রহণে অস্বীকৃতি জানানোর ক্ষমতা দেবে। খবর রয়টার্স।

বর্তমানে প্রতি লেনদেনে গড়ে ২ থেকে ২.৫ শতাংশ হারে নেওয়া ফি কয়েক বছরের মধ্যে প্রায় এক-দশমাংশ শতাংশ কমানো হবে। পাশাপাশি, এক নেটওয়ার্কের একটি কার্ড গ্রহণ করলে সব ধরনের কার্ড গ্রহণের বাধ্যবাধকতাও শিথিল করা হবে।

২০০৫ সালে শুরু হওয়া দীর্ঘ আইনি বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরও প্রতিষ্ঠান দুটি প্রায় ৩০ বিলিয়ন ডলারের একটি নিষ্পত্তিতে সম্মত হয়েছিল, যেখানে তিন বছরের জন্য ফি কমানো ও নির্দিষ্ট সীমার নিচে রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ডিবিটেক/বিএমটি