ফেসবুক ভিডিও দেখে আতঙ্কিত হওয়ারও কিছু নেই: ডিএমপি কমিশনার

ফেসবুক ভিডিও দেখে আতঙ্কিত হওয়ারও কিছু নেই: ডিএমপি কমিশনার
২৩ অক্টোবর, ২০২৫ ১৪:৩৮  

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ফেসবুকের ভিডিও দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলটির (আওয়ামী লীগ) সাম্প্রতিক মিছিল-সমাবেশ প্রসঙ্গে তিনি বলেছেন, তাদের রাজনৈতিক কর্মসূচির সংখ্যা সম্প্রতি কিছুটা বেড়েছে। তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক। অনেকে নাইট কোচে করে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়। এতে মনে হয় বড় মিছিল হয়েছে, কিন্তু বাস্তবে তেমন কিছু নয়। সোশ্যাল মিডিয়ার শক্তি আমরা অস্বীকার করতে পারি না, তবে এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।” 

২৩ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএমপি ও জাইকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘রোড সেফটি সেমিনার’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির সংখ্যা সম্প্রতি কিছুটা বেড়েছে। তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক। তারা নিজেদের ব্যানার দেখিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এবারের নির্বাচনকে ঘিরে একটি ‘নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশ’ তৈরি হবে আশাবাদ ব্যক্ত করলেও ‘দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি দল এবার অংশ নিতে না পারায় তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পার ‘ বলেও আশঙ্কা প্রকাশ করেন সাজ্জাত আলী। তার ভাষায়, নভেম্বরের শেষ দিকে একটি চমৎকার নির্বাচনী পরিবেশ তৈরি হবে। এখন সবাই নির্বাচনের মুখোমুখি। জনগণ ভোট দিতে চায়। এমনকি যাদের বয়স ৩৫ থেকে ৪০, তারাও জীবনে কখনো ভোট দেয়নি। এটা আমাদের দেশের জন্য দুঃখজনক। বিপরীতে এবারের নির্বাচনে একটি দল নিষিদ্ধ ঘোষিত। তারা ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা করছে। তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি, যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।