ভেঞ্চার ক্যাপিটাল তহবিলে আরও ৬০০ কোটি দেবে বাংলাদেশ ব্যাংক

ভেঞ্চার ক্যাপিটাল তহবিলে আরও ৬০০ কোটি দেবে বাংলাদেশ ব্যাংক
৮ অক্টোবর, ২০২৫ ১৮:১৩  

স্টার্টআপের জন্য ব্যাংকগুলো থেকে নেয়া ৯০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল তহবিলে আরও ৬০০ কোটি দেবে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে এই তহবিলের আকার বেড়ে দাঁড়াচ্ছে ১৫০০ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বরাতে ৮ অক্টোবর, বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে  এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনব বলেন, আজ তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন বিষয়ে কথা বলেন। সেখানে স্টার্টআপ তহবিলে বাংলাদেশ ব্যাংক আরও ৬০০ কোটি দেবে বলে জানিয়েছেন গভর্নর।

এর আগে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলো মুনাফার অর্থ দিয়ে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা স্টার্টআপ তহবিল এরই মধ্যে গঠন করা হয়। একটি স্টার্টআপ প্রতিষ্ঠান এই তহবিল থেকে ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। তবে বড় তহবিল থাকলেও এই তহবিল থেকে স্টার্টআপ খাতে বিনিয়োগ এখনো উল্লেখযোগ্য পরিমাণে হয়নি।