তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে শুরু ‘ক্রিয়াভেঞ্চার ৪.০’
দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, ব্যবসায়িক দক্ষতা ও উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে এগিয়ে নিতে শুরু হয়েছে জাতীয় আইডিয়া পিচিং প্রতিযোগিতা ‘ক্রিয়াভেঞ্চার ৪.০’। ঢাকা বিশ্ববিদ্যালয় এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ডিইউইডিসি) আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজকরা জানিয়েছেন, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং অংশগ্রহণকারীদের জন্য একটি পূর্ণাঙ্গ ইনকিউবেশন অভিজ্ঞতা। প্রতিযোগীরা পাবেন অভিজ্ঞ উদ্যোক্তা ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি মেন্টরশিপ, ছয়টি নিবিড় অনলাইন প্রশিক্ষণ সেশন এবং বিনিয়োগকারীদের সামনে নিজেদের আইডিয়া উপস্থাপনের সুযোগ।
আগামী ৫ জুন পর্যন্ত প্রতিযোগিতার জন্য নিবন্ধন করা যাবে। এককভাবে অথবা ২ থেকে ৪ সদস্যের দল গঠন করে আবেদন করা যাবে। অংশগ্রহণকারীদের নির্ধারিত ফি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করে ডিইউইডিসির অফিসিয়াল ওয়েবসাইট–এ গিয়ে ফরম পূরণ করতে হবে।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট এক লাখ ৩০ হাজার টাকারও বেশি সমমূল্যের পুরস্কার ও উপহার রাখা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, প্রথম রানার-আপ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ দল পাবে ২০ হাজার টাকা। এছাড়া প্রতিটি বিজয়ী দলের জন্য থাকবে ১১ হাজার টাকার আকর্ষণীয় উপহার।
আয়োজকদের ভাষ্য, দেশের তরুণদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতেই এ আয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের বাস্তবধর্মী ব্যবসায়িক ধারণা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ স্টার্টআপ তৈরির ক্ষেত্রেও এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
/ডিবিটেক/এসএস/ইকে



