দেশজুড়ে কৃষিবিদ ঐক্য পরিষদের ‘এগ্রি ব্লকেড’

দেশজুড়ে কৃষিবিদ ঐক্য পরিষদের ‘এগ্রি ব্লকেড’
৩১ আগষ্ট, ২০২৫ ০৮:৩৮  
৩১ আগষ্ট, ২০২৫ ০৮:৪১  

ডিপ্লোমাধারীদের ‘অযৌক্তিক’ দাবির বিরুদ্ধে এবং নিজেদের প্রস্তাবিত ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ৩১ আগষ্ট, রবিবার দেশজুড়ে ‘এগ্রি ব্লকেড’ পালন করতে যাচ্ছে কৃষিবিদ ঐক্য পরিষদ। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতেও এই কর্মসূচি পালিত হবে বলে জানাগেছে। সংগঠনটির ফেসবুক গ্রুপে ঘোষিত ধর্মঘট অনুযায়ী বিকাল ৪ টায় আগারগাঁওয়ে ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এছাড়াও দেশের দেশের বিভিন্ন স্থানে একেক সময়ে এই ব্লকেড কর্মসূচি পালিত হবে।

সবার আগে সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্লকেড কর্মসূচি পালন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। ১১টা ৩০ মিনিটে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা,বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট অর্থাৎ শহীদ মীর মুগ্ধ তোরণে, জুলাই-৩৬ গেটের সামনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিকাল ৪ টায় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে হাবিপ্রবির শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করবেন।

এছাড়াও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে। কর্মসূচি অনুযায়ী, ‘৩ দফা’ দাবী বাস্তবায়নে দুপুর ১টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বিক্ষোভ সমাবেশ করবে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ।

এর আগে ৩০ আগস্ট রাতে কৃষিবিদদের ৩ দফা দাবি আদায়ে এবং ডিপ্লোমাধারীদের বোনদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদদের মশাল মিছিল হয়েছে। 

এ বিষয়ে কৃষিবিদ ঐক্য পরিষদের অন্যতম সংগঠক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন ইমন বলেন, দীর্ঘদিন ধরে কৃষিবিদরা তাদের যৌক্তিক দাবিগুলো জানিয়ে আসছে। আমরা শান্তিপূর্ণভাবে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে একটা নিরপেক্ষ সমাধান আশা করেছিলাম। কিন্ত আমাদের নীরবতা ও শান্তিপূর্ণ আন্দোলনকে তারা দুর্বলতাভেবে ভুল করেছে। আগামীকাল দেশব্যাপী এগ্রি ব্লকেড কর্মসূচি আয়োজিত হবে। আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া না হলে সামনে আরও কঠোর কর্মসূচি আসবে।