দেশের প্রথম অ্যাগ্রোইকোফিজিওলজি ল্যাবরেটরির উদ্বোধন

দেশের প্রথম অ্যাগ্রোইকোফিজিওলজি ল্যাবরেটরির উদ্বোধন
১১ জানুয়ারি, ২০২৬ ১৮:৫২  

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মাটির স্বাস্থ্য উন্নত করে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য উৎপাদনে দেশে প্রথম বারের মতো স্থাপিত হলো অ্যাগ্রোইকোফিজিওলজি ল্যাবরেটরি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগে ল্যাবটি স্থাপন করেছে ওয়েভ ফাউন্ডেশন।

রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ডা. কাজী এম বদরুদুজ্জা রিসার্চ সেন্টারে ১১ জানুয়ারি (রবিবার) ল্যাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল লতিফ।

পিকেএসএফের রুরাল মাইক্রো-এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় এটি বাস্তবায়ন করা হয়। ল্যাবটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম এবং প্রফেসর ড. এ কে এম রুহুল আমীন।

প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম বলেন, ল্যাবটিতে মাইক্রোব্যালেন্স, প্ল্যান্ট অ্যান্ড সয়েল ডাইজেশন সিস্টেম, ফ্লেম ফটোমিটার, প্ল্যান্ট ওভেন এবং কন্ডাক্টিভিটি মিটার স্থাপন করা হয়েছে। এসব যন্ত্রপাতির মাধ্যমে মাটি ও উদ্ভিদের বিভিন্ন পুষ্টি ও ক্ষতিকর উপাদানের মাত্রা নির্ণয় করা সম্ভব হবে।

একই সঙ্গে প্রতিকূল পরিবেশে উদ্ভিদের সংবেদনশীলতা যাচাই, আধুনিক স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগ— যেমন মাটিতে জৈব উপাদান সংযোজন এবং ন্যানো প্রযুক্তির ব্যবহার করে মাটির স্বাস্থ্য উন্নয়নের কাজ করা হবে। এর ফলে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও পুষ্টিমানসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এমএস ও পিএইচডি কোর্সের শিক্ষার্থীরা ইতোমধ্যে এই ল্যাব তাদের গবেষণাকাজে ব্যবহার করছেন। বাংলাদেশে এটিই প্রথম অ্যাগ্রোইকোফিজিওলজি ল্যাবরেটরি।

এমন একটি কার্যকর ল্যাব স্থাপনে সহায়তার জন্য পিকেএসএফ ও ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, কৃষিখাতে ক্রমাগত পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোতে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণার মাধ্যমেই কৃষিতে টেকসই উন্নয়ন সম্ভব। এই ল্যাব কৃষি সংশ্লিষ্ট গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. আকন্দ মো. রফিকুল ইসলাম বলেন, বিশ্বের অধিকাংশ দেশে গবেষণায় বড় পরিসরে বরাদ্দ থাকলেও আমাদের দেশে সেই চিত্র ভিন্ন।

তারপরও নানা সীমাবদ্ধতার মধ্যেও পিকেএসএফ চায় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম যেন অব্যাহত থাকে। সে লক্ষ্যেই সাধ্যের মধ্যে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী বলেন, অ্যাগ্রোইকোলজি বা পরিবেশসম্মত কৃষিকে প্রাধান্য দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ওয়েভ ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে গো-গ্রিন সেন্টার স্থাপন করা হয়েছে, যেখানে অ্যাগ্রোইকোলজি ও ট্যুরিজমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার, ডিন (পোস্টগ্র্যাজুয়েট) ড. সালাউদ্দিন মো. চৌধুরী, ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাস, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. সরওয়ার হোসেন, গবেষণা পরিচালক ড. এফ এম আমিনুর রহমানসহ অন্যান্যরা।

ডিবিটেক/পিকেও/এমইউএম