গুগলের সেলসফোর্স ডেটাবেজ হ্যাক, গ্রাহকের তথ্য চুরি

গুগলের সেলসফোর্স ডেটাবেজ হ্যাক, গ্রাহকের তথ্য চুরি
৬ আগষ্ট, ২০২৫ ১৫:১৪  
৬ আগষ্ট, ২০২৫ ১৯:১৫  

গুগল জানিয়েছে, তাদের একটি সেলসফোর্স ডেটাবেজে সাইবার হামলার মাধ্যমে গ্রাহকদের তথ্য চুরি হয়েছে। কোম্পানির থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপের এক ব্লগপোস্টে বলা হয়, জনপ্রিয় হ্যাকিং গ্রুপ ‘শাইনি হান্টার্স’ বা আনুষ্ঠানিকভাবে ইউএনসি৬০৪০ এ হামলার জন্য দায়ী। খবর টেকক্রাঞ্চ।

চুরি হওয়া তথ্য মূলত ব্যবসার নাম ও যোগাযোগের মতো সাধারণ তথ্য, যা আংশিকভাবে পাবলিশ ছিল। তবে এ ঘটনায় কতজন গ্রাহকের তথ্য বেহাত হয়েছে তা গুগল জানায়নি। হামলাকারীরা কোনো মুক্তিপণ দাবি করেছে কি না তাও অজানা।

শাইনি হান্টার্স ক্লাউড-ভিত্তিক ডেটাবেজ লক্ষ্য করে হামলার জন্য পরিচিত। সম্প্রতি সিসকো, কান্তাস এবং প্যান্ডোরার সেলসফোর্স ডেটা চুরির পর এটি নতুন সংযোজন। গুগল জানায়, গ্রুপটি ভয়েস ফিশিং ব্যবহার করে কর্মীদের প্রলুব্ধ করে ক্লাউড ডেটাবেইসে প্রবেশাধিকার নেয়।

সংস্থাটি আশঙ্কা করছে, শাইনি হান্টার্স শিগগিরই ডেটা লিক সাইট চালু করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করতে পারে।

ডিবিটেক/বিএমটি