প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন সুরক্ষা ফিচার

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন সুরক্ষা ফিচার
৬ আগষ্ট, ২০২৫ ২০:১৯  
৬ আগষ্ট, ২০২৫ ১৯:১৯  

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রতারণা থেকে রক্ষায় নতুন ফিচার চালু করেছে। মঙ্গলবার কোম্পানিটি জানায়, সাম্প্রতিক অভিযানে বিশ্বজুড়ে প্রতারণামূলক কার্যক্রমে যুক্ত ৬৮ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। খবর টেকক্রাঞ্চ।

মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ জানায়, নতুন ফিচারগুলো গ্রুপ ও ব্যক্তিগত চ্যাটে প্রতারণা শনাক্তে সহায়তা করবে। গ্রুপে নতুন যুক্ত হলে ‘সেফটি ওভারভিউ’ ফিচারে দেখা যাবে যোগ করা ব্যক্তিটি আপনার কন্টাক্টে আছে কি না এবং গ্রুপে পরিচিত কেউ আছে কি না। অপরিচিত গ্রুপে নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে মিউট থাকবে, যতক্ষণ না আপনি গ্রুপে থাকার সিদ্ধান্ত নেন।

ব্যক্তিগত চ্যাটে সম্ভাব্য প্রতারণা রোধে, অপরিচিত কারও সঙ্গে কথা বলার আগে ব্যবহারকারীদের সতর্কবার্তা দেওয়া হবে। সাম্প্রতিক তদন্তে দেখা গেছে, প্রতারকরা ভুয়া লাইক, ভাড়া স্কুটার স্কিম এবং ক্রিপ্টো বিনিয়োগে প্রলুব্ধ করতে চ্যাটজিপিটি ব্যবহার করেছে।

হোয়াটসঅ্যাপ পরামর্শ দিয়েছে, সন্দেহজনক বার্তা পেলে যাচাই করে তারপর পদক্ষেপ নেওয়ার।

ডিবিটেক/বিএমটি