ওপেনএআইয়ের মূল্যায়ন ছুঁতে পারে ৫০০ বিলিয়ন ডলার
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই কর্মীদের জন্য শেয়ার বিক্রির সম্ভাব্য পরিকল্পনা করছে, যা কোম্পানির মূল্যায়নকে প্রায় ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে পারে। বর্তমানে কোম্পানিটির মূল্যায়ন ৩০০ বিলিয়ন ডলার। সূত্র জানায়, এই লেনদেনের মাধ্যমে বর্তমান ও প্রাক্তন কর্মীরা কয়েক বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করতে পারবেন। খবর রয়টার্স।
চ্যাটজিপিটির জনপ্রিয়তায় ওপেনএআই চলতি বছরের প্রথম সাত মাসেই রাজস্ব দ্বিগুণ করে বার্ষিক ১২ বিলিয়ন ডলারে উন্নীত করেছে এবং বছরের শেষে ২০ বিলিয়ন ডলার ছুঁতে পারে। মাইক্রোসফট সমর্থিত প্রতিষ্ঠানটি বর্তমানে সাপ্তাহিক ৭০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী নিয়ে এগিয়ে যাচ্ছে, যা ফেব্রুয়ারির ৪০০ মিলিয়ন থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি।
এ বছরের শুরুর দিকে ঘোষিত ৪০ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের অংশ হিসেবে জাপানের সফটব্যাংক ২২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। এই শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানিটি ভবিষ্যতে প্রাথমিক শেয়ার বাজারে তালিকাভুক্তির পথ প্রশস্ত করতে পারে।
ডিবিটেক/বিএমটি







