বিমান দুর্ঘটনা নিয়ে ভুয়া পোস্ট; ছড়াচ্ছে বিভ্রান্তি

বিমান দুর্ঘটনা নিয়ে ভুয়া পোস্ট; ছড়াচ্ছে বিভ্রান্তি
২২ জুলাই, ২০২৫ ১০:২৬  
২২ জুলাই, ২০২৫ ১৪:২৭  

মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া। তবে মর্মান্তিক এই ঘটনার পর একদিন আগে ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট ভাইরাল হয়। ২০ জুলাই, রবিবার ফেসবুকে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের ভেরিফায়েড ওই পেজে বলা হয়, ‘একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। ’

পরে একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট সামনে। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, ‘আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। ’ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার টেবিলে উঠে আসে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির জানান, এই পেজ থেকে আসলে অনলাইন গেমিং বা জুয়া সংক্রান্ত পোস্ট দেওয়া হয়।

এ ঘটনায় কদরুদ্দিন শিশির তার ফেসবুক পোস্টে লেখেন, প্রথমত, এটি অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নয়। অ্যানোনিমাসের অফিসিয়াল ওয়েবসাইটে যে ফেসবুক পেইজ দেয়া আছে সেটি এ পেইজ নয় দ্বিতীয়ত, অ্যানোনিমাস মেইন পেজ নামক পেজটি ঘেঁটে জানা গেছে এটি একটি অনলাইন জুয়ার পেইজ। মূলত অনলাইন জুয়া প্রমোট করা, নতুন সদস্য সংগ্রহের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তারা অনলাইন গেমিং বা জুয়া সংক্রান্ত পোস্ট দিয়ে থাকে।

তিনি লেখেন, তৃতীয়ত, তাদের প্রথম যে পোস্ট ভাইরাল হয়, সেটিতে বাংলাদেশের নাম উল্লেখ নেই। আর বাংলাদেশে আজ যে ঘটনা ঘটেছে তাতে স্কুল ভবন ধসে পড়েনি। ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। যারা মারা গেছেন কেউ ভবনের ব্যবস্থাপনা সংক্রান্ত কারণে মারা যাননি। মারা গেছেন বিমান বিস্ফোরিত হয়ে লাগা আগুনে। তিনি আরও লেখেন, ফলে এটা কোনভাবেই বলার সুযোগ নেই যে, ওই পেইজে বাংলাদেশের এই ঘটনার ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। গুজবে আজমসহ কিছু আওয়ামী লীগার তাদের ফেসবুক পেইজগুলোতে এই উপসংহার টানার চেষ্টা করেছেন যা আসলে মূল পোস্টের সঙ্গে মেলে না। 

 কদরুদ্দিন শিশির লেখেন, চতুর্থত, পেজটি যে একটি স্ক্যামার জুয়াড়ি গ্রুপ দ্বারা পরিচালিত তা স্পষ্ট হচ্ছে তাদের ওই পোস্টটি বাংলাদেশে ভাইরাল হওয়া পর থেকে। ভাইরাল হওয়ার প্রথম দিকেও পেইজটির ট্রান্সপারেন্সি সেকশন চেক করে দেখা গেছে এটি তিনটি দেশ থেকে চালানো হয়। এর মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ, আরেকটি নাইজেরিয়া। তৃতীয় দেশের নাম অ্যাডমিন প্রকাশ করেনি। পোস্ট ভাইরাল হওয়ার পর তাদের পেইজের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠায় এডমিনদের অবস্থানকারী দেশের তথ্য তারা হাইড করে দিয়েছে। আফ্রিকায় নাইজেরিয়া অনলাইন জুয়াড়িদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। জুয়ার প্রমোশনমূলক ওদের একটা পুরনো ভিডিওতে একজন আফ্রিকানকে দেখা গেছে। অর্থাৎ, এর সঙ্গে নাইজেরিয়ান জুয়াড়িদের কানেকশন থাকার খুবই সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সোমবার থেকে নিহত শিশুদের লাশ গোপন করার দাবি করে বিভিন্ন পোস্ট দেয়া হয়। তবে চিকিৎসা চলমান থাকা ও নিহতদের পরিচয় নিশ্চত না হওয়ায় এমন বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এক বার্তায় জাননো হয়েছে, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি, ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে।

আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়। এ মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।

আমরা সবার প্রতি আহ্বান জানাই, এ দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতিদ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন, সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে। এর পাশাপাশি, এখনো কেউ নিখোঁজ রয়েছে কি না তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে।