ব্রিটেনে ৫৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন
যুক্তরাজ্যে আগামী তিন বছরে ৪০ বিলিয়ন পাউন্ড (প্রায় ৫৪ বিলিয়ন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বিনিয়োগের মাধ্যমে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, নতুন এই বিনিয়োগ পরিকল্পনায় পূর্ব মিডল্যান্ডসে দুটি অত্যাধুনিক গুদাম নির্মাণ, হাল ও নর্থহ্যাম্পটনে নতুন কেন্দ্র স্থাপন, ১০০টির বেশি বিদ্যমান স্থাপনায় সম্প্রসারণ ও আধুনিকায়ন, লন্ডনে কর্পোরেট সদর দপ্তরে দুটি নতুন ভবন এবং ব্রে ফিল্ম স্টুডিও পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বিনিয়োগকে “যুক্তরাজ্যে ব্যবসা করার সর্বোত্তম পরিবেশে এক বিশাল আস্থার বহিঃপ্রকাশ” হিসেবে বর্ণনা করেছেন।
এই বিনিয়োগের মধ্যে অ্যামাজনের ক্লাউড শাখা কর্তৃক পূর্বঘোষিত ৮ বিলিয়ন পাউন্ডের একটি অংশও অন্তর্ভুক্ত রয়েছে, যা ২০২৪ থেকে ২০২৮ সালের মধ্যে ডেটা সেন্টার নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ব্যয় হবে।
ডিবিটেক/বিএমটি



